সাভারের বেসরকারি ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির মধ্যে সংঘর্ষ, হামলা, ভাঙচুর ও শিক্ষার্থী জিম্মির ঘটনায় পাল্টাপাল্টি মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন সাভার থানার ওসি জুয়েল মিঞা।
পুলিশ জানায়, সকালে দুই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তারা পৃথকভাবে সাভার মডেল থানায় অভিযোগ দাখিল করলে তা মামলা হিসেবে রেকর্ড করা হয়। এখন আইনি প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
গত রবিবার রাতে থুতু ফেলাকে কেন্দ্র করে সাভারের খাগান এলাকায় সংঘর্ষে জড়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাতভর চলা এই সংঘর্ষে উভয়পক্ষের শতাধিকের বেশি শিক্ষার্থী আহত হয়। ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় সিটি বিশ্ববিদ্যালয়ের ভবন, পরিবহনসহ বিভিন্ন স্থাপনায়।
অভিযোগ রয়েছে, এ সময় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১১ শিক্ষার্থীকে সিটি ইউনিভার্সিটি ক্যাম্পাসে আটকে রেখে শারীরিক নির্যাতন করা হয়।
সংঘর্ষের পর দিন সিটি ইউনিভার্সিটি এক সংবাদ সম্মেলনে জানায়, হামলায় তাদের ২৫ থেকে ৩০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
পরবর্তী দিন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পাল্টা সংবাদ সম্মেলন করে তাদের শিক্ষার্থীদের জিম্মি ও আহত করার অভিযোগ তুলে ধরে সিটি ইউনিভার্সিটির বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবি করে।
