নারী হকিতে কোটি টাকার চমক

আপডেট : ৩১ অক্টোবর ২০২৫, ০৭:০৭ এএম

নারী হকি এখনো খুব একটা প্রচলিত হয়নি বাংলাদেশে। জনপ্রিয়তাও সেভাবে নেই। তারপরও নারী হকি এগিয়ে নিতে বড়সড় পৃষ্ঠপোষকতা নিয়ে হাজির হয়েছে বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক। চার ভেন্যুতে ১৮ জেলা নারী দল নিয়ে ব্র্যাক ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ২ নভেম্বর শুরু হবে অপরাজেয় আলো নারী হকি টুর্নামেন্ট। এ বাবদ ১ কোটি টাকার কাছাকাছি (৯৯ লাখ টাকা) স্পন্সর করছে ব্র্যাক ব্যাংক।

বৃহস্পতিবার বাংলাদেশ হকি ফেডারেশনে নারী হকি টুর্নামেন্ট নিয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত ব্র্যাক ব্যাংকের চিফ কমিউনিকেশন অফিসার ইকরাম কবীর বলেন, ‘এই বছরের শুরুতে নারী ডেভলপমেন্ট কাপে পৃষ্ঠপোষকতা করেছিলাম। এরপর আমরা নারী হকিতে পার্টনার হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সিএসআর ফান্ড থেকেই অপরাজেয় আলো নারী হকি টুর্নামেন্টে প্রায় ৯৯ লাখ টাকা দেওয়া হচ্ছে হকি ফেডারেশনকে।’

হকিতে আর্থিক সংকট চরমে। হকি ফেডারেশনে বছরের পর বছর লেগে থাকা নেতৃত্ব সংকটের কারণে স্পন্সর প্রতিষ্ঠানগুলো খুব বেশি আগ্রহী হয় না। প্রিমিয়ার লিগের মতো শীর্ষ আসরেও মেলেন না প্রত্যাশিত স্পন্সরমানি। সেখানে জেলা দলগুলো নিয়ে নারী হকি টুর্নামেন্টেই এত বড় স্পন্সর দেশের হকির জন্য বিশাল খবর। হকি ফেডারেশনকে টাকা দিলেও ব্র্যাক ব্যাংক সরাসরি এই আসরের তদারকি করবে বলে জানান ইকরাম কবীর, ‘সিএসআর (করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি) ফান্ডের অর্থ আমরা সম্পূর্ণ তদারকি করব। প্রতি জেলাতে আমাদের প্রতিনিধি ইতিমধ্যে এই টুর্নামেন্টের জন্য নির্ধারিত রয়েছে।’

রাজশাহী, কুমিল্লা, ময়মনসিংহ ও যশোর এই চার ভেন্যুতে হবে প্রাথমিক পর্ব। রাজশাহী ও ময়মনসিংহে পাঁচটি করে আর কুমিল্লা, যশোরে চারটি করে দল। প্রতি ভেন্যুতে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলার পর শীর্ষ দুই আঞ্চলিক ফাইনাল খেলবে। চার ভেন্যুতে আঞ্চলিক ফাইনাল চ্যাম্পিয়ন চূড়ান্ত পর্ব খেলবে বিকেএসপির সঙ্গে। ফেডারেশনের সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান বলেন, ‘আমরা ডিসেম্বরের শেষের দিকে ঢাকায় চূড়ান্ত পর্ব আয়োজন করব। আশা করছি এই টুর্নামেন্ট থেকে অনেক প্রতিভাবান হকি খেলোয়াড় বেরিয়ে আসবে। আঞ্চলিক পর্বের চ্যাম্পিয়ন দল যদি চায় অন্য দলে খেলোয়াড় নিতে পারবে। আমরা চাই এটি যেন প্রতিদ্বন্দ্বিতামূলক হয়, এজন্য খানিকটা শিথিলতা রয়েছে।’

সাম্প্রতিক সময়ে এশিয়ান হকি ফেডারেশনের দুটি বয়সভিত্তিক টুর্নামেন্টে অংশ নিয়ে নজর কেড়েছেন নারীরা। অনূর্ধ্ব ১৮ নারী এশিয়া কাপে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। এই সাফল্যই পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের পাশাপাশি ফেডারেশনকেও আশাবাদী করে তুলছে নারী হকি নিয়ে। তারা চাইছে ভবিষ্যতে এশিয়া কাপের বাছাই পর্বে খেলতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত