রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা নদীর পাড়ে বেশ কিছু স্থানে বুদবুদ উঠছে। এগুলো দিয়ে গ্যাস বের হচ্ছে বলে ধারণা করছেন স্থানীয়রা। বেশির ভাগ বুদবুদই হর্”েছ পানির ভেতর। নদীর পাড়ে বুদবুদগুলোয় জ্বলন্ত দিয়াশলাইয়ের কাঠি ধরতেই বালুর ওপর আগুন জ্বলছে। গ্যাসের কারণেই এমনটা হচ্ছে কি না, তা জানার জন্য বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা।
সম্প্রতি উপজেলার প্রেমতলী ঠাকুরঘাট এলাকায় এমন বুদবুদ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। এরপর থেকে নদীর পাড়ে ভিড় করছেন উৎসুক মানুষ। এদিকে নদীর পাড়ে গ্যাসের বুদবুদ ওঠার খবরে সেখানে ফায়ার সার্ভিসের একটি দল পাঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহম্মেদ। তারা ঘটনাস্থল পরিদর্শন করে জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নদীর পানি ও পাড়ের বালু বিভিন্ন স্থান থেকে বুদবুদ উঠছে। বালুর মধ্যে ওঠা বুদবুদগুলো থেকে গ্যাস বের হওয়ার শব্দ শোনা যাচ্ছে। কয়েকদিন ধরে নদীর পানি কমে গেছে। এরই প্রেক্ষিতে এলাকার লোকজন এই বুদবুদ খেয়াল করেন। তারপর থেকেই উৎসুক মানুষের ভিড় লেগে আছে। গভীর রাত পর্যন্ত লোকজন আগুন জ্বালিয়ে গ্যাসের উপস্থিতি দেখেছেন।
ঘটনাস্থল পরিদর্শন শেষে ফায়ার সার্ভিসের গোদাগাড়ী স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা জমির উদ্দিন বলেন, ‘নদীপাড়ে অসংখ্য বুদবুদ বের হচ্ছে। এখন কোনো গ্যাসের কারণে এটি হচ্ছে কি না, তা আমরা জানি না। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হবে। তারা এসে দেখবে।
