বরগুনার তালতলীতে ইংরেজি শিক্ষক রফিকুল ইসলাম রফিকের বিরুদ্ধে এক ছাত্রীকে যৌন হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার সদর রোড এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকাবাসী, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ প্রায় পাঁচ শতাধিক ব্যক্তি অংশ নেন। অভিযুক্ত শিক্ষক রফিকুল ইসলাম পার্শ্ববর্তী আমতলী উপজেলার চরকগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক হিসেবে কর্মরত আছেন।
জানা যায়, শিক্ষক রফিকুল ইসলাম বিদ্যালয়ের এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে হোয়াটসঅ্যাপে অশালীন বার্তা পাঠাতেন এবং বিভিন্ন অনৈতিক প্রস্তাব দিতেন। এতে ছাত্রীটি মানসিকভাবে চাপে পড়ে অসুস্থ হয়ে যায়। পরে তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক জানান ছাত্রীটি মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় রয়েছে। পরবর্তী সময়ে ছাত্রীর বাবা মেয়ের মোবাইল ফোন চেক করে রফিকুল ইসলামের সঙ্গে আপত্তিকর বার্তা আদান-প্রদানের বিষয়টি দেখতে পান। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষক যদি ছাত্রীকে যৌন হয়রানি করে, তবে তা শুধু ওই ছাত্রী নয়, পুরো শিক্ষাঙ্গনের জন্য লজ্জার বিষয়। তাই এমন ব্যক্তিকে অবিলম্বে বিদ্যালয় থেকে অপসারণ করে আইনগত ব্যবস্থার আওতায় আনা জরুরি।
