নোশিন আনজুমের হ্যাটট্রিক

আপডেট : ০১ নভেম্বর ২০২৫, ১২:৩২ এএম

বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার নোশিন আনজুম টানা তৃতীয়বারের মতো জিতলেন জাতীয় মহিলা দাবার শিরোপা। ৪৩তম জাতীয় মহিলা দাবা প্রতিযোগিতায় ১১ খেলায় সাড়ে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে নিশ্চিত করেছেন নিজের হ্যাটট্রিক চ্যাম্পিয়নশিপ।

শেষ রাউন্ডে নোশিনের প্রয়োজন ছিল ড্র। প্রতিপক্ষ ওয়ারসিয়া খুশবুর সঙ্গে ছয় চালের মধ্যেই ম্যাচটি ড্র করে শিরোপা নিশ্চিত করেন তিনি। ম্যাচ শেষে নোশিন জানান, ‘আমি ড্র অফার করেছিলাম, খুশবুও রাজি হয়, কারণ ড্রতে ওরও অলিম্পিয়াড দলে জায়গা নিশ্চিত হয়। বোর্ডে আলোচনার ভিত্তিতে দাবায় ড্র হওয়াটা স্বাভাবিক।’

কিংবদন্তি রাণী হামিদকে হারিয়ে শুরু করলেও ছয় রাউন্ড পর্যন্ত পিছিয়ে ছিলেন নোশিন কুমিল্লার নুসরাত জাহান আলো কাছে। কিন্তু সেই হার থেকেই ঘুরে দাঁড়িয়ে পরের রাউন্ডগুলোতে টানা ভালো খেলে শীর্ষে ফেরেন তিনি। নিজের উত্থান-পতনের গল্প জানাতে গিয়ে বলেন, ‘আলোর কাছে হেরে মন ভেঙে গিয়েছিল। মা উৎসাহ দিয়েছিলেন বাকি খেলাগুলো জিতলে সুযোগ থাকবে। সেই অনুপ্রেরণাই কাজ করেছে।’ ১১ রাউন্ড শেষে নোশিনের ফলাফল ৭ জয়, ৩ ড্র, ১ হার।

২০১৬ সাল থেকে জাতীয় মহিলা দাবায় অংশ নিচ্ছেন নোশিন। ২০২২ সালে প্রথমবার চ্যাম্পিয়ন হন, গত বছরও জেতেন, আর এবারও ধরে রাখলেন শ্রেষ্ঠত্ব। তিনি মনে করেন, এখন প্রতিযোগিতার মান আগের চেয়ে অনেক বেড়েছে ‘আগে অনেক সিনিয়র খেলোয়াড় ছিলেন, এখন তরুণ প্রজন্ম উঠে আসছে। প্রতিদ্বন্দ্বিতা অনেক বেশি।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টিবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নোশিন পড়াশোনার পাশাপাশি দাবায় নিজেকে ব্যস্ত রাখছেন। বলেন, ‘জাতীয় দাবার জন্য দুটি মিডটার্ম পরীক্ষা মিস করেছি, পরে দিতে হবে। দুটোই সমানভাবে চালিয়ে যাচ্ছি।’

টানা তিনবার জাতীয় চ্যাম্পিয়ন হলেও এখনো তিনি ফিদে মাস্টার, আর মাত্র একটি নর্ম ও ২২০০ রেটিং পেলে তিনি হতে পারবেন মহিলা আন্তর্জাতিক মাস্টার। এখন তার রেটিং ১৯৯০। নোশিন বলেন, ‘জোনালে চ্যাম্পিয়ন হতে পারলে আন্তর্জাতিক মাস্টার হতাম, কিন্তু ওয়াদিফার কাছে হেরে পারিনি। এটা একটা আফসোস।’

তবুও বাংলাদেশের সেরা নারী দাবাড়ু হিসেবে নোশিনের লক্ষ্য বড় শুধু মহিলা গ্র্যান্ডমাস্টার নয়, গ্র্যান্ডমাস্টার হওয়া। এ জন্য দরকার বেশি আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ। কিন্তু আর্থিক সীমাবদ্ধতা বড় বাধা। প্রবীণ দাবাড়ু রাণী হামিদ এবারও খেলেছেন জাতীয় প্রতিযোগিতায়। ৮২ বছর বয়সেও তিনি ১১তম স্থানে শেষ করেছেন। তবে প্রথম পাঁচে না থাকায় আগামী বছরের উজবেকিস্তান অলিম্পিয়াডে তার খেলার সম্ভাবনা কম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত