দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬৫১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ৭০ হাজার ছাড়াল। এদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।
আজ শনিবার (১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬৫১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বরিশাল বিভাগে ১২৯ জন, চট্টগ্রাম বিভাগে ৯৮ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২০ জন, ঢাকা উত্তর সিটিতে ১২০ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১১৭ জন, খুলনা বিভাগে ১৩ জন (সিটি করপোরেশনের বাইরে), ময়মনসিংহ বিভাগে ২৯ জন (সিটি করপোরেশনের বাইরে), রাজশাহী বিভাগে ২২ জন (সিটি করপোরেশনের বাইরে) এবং সিলেট বিভাগে ৩ জন (সিটি করপোরেশনের বাইরে) নতুন রোগী ভর্তি হয়েছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৬৫৭ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৬৭ হাজার ৪৫৯ জন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
নরসিংদীতে জমি নিয়ে বিরোধে দুই ভাইকে কুপিয়ে হত্যা
ভারতে মন্দিরে পদদলিত হয়ে নিহত ১২