ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলায় নবনির্মিত শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পদদলনের ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে আটজন নারী ও এক শিশু রয়েছে। আহত হয়েছে আরও ৩১ জন। স্থানীয়ভাবে ‘মিনি তিরুপতি’ নামে পরিচিত মন্দিরটিতে গতকাল শনিবার একাদশী উপলক্ষে অসংখ্য মানুষের সমাগম হলে এ দুর্ঘটনা ঘটে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শত শত নারী পূজার ঝুড়ি হাতে সিঁড়িতে ঠেলাঠেলি করছেন, কেউ কেউ বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা করছেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এনডিটিভি জানায়, একাদশীতে এমন বিশাল ভিড় হবে তা স্থানীয় প্রশাসনকে জানায়নি মন্দির কর্র্তৃপক্ষ। ঘটনাস্থলে তখনো নির্মাণকাজ চলছিল এবং সেখানে মাত্র একটি করে প্রবেশ ও প্রস্থান পথ ছিল। এ ঘটনায় শোক জানিয়ে নিহতদের পরিবারকে ২ লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে অনুদান দেওয়ার কথা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
