ভেঙে গেল ঠুনকো কাচের দেয়াল

আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ১২:৩৪ এএম

অতিরিক্ত আত্মবিশ্বাসের ঠুনকো কাচের দেয়ালটা ভেঙেই দিল ওয়েস্ট ইন্ডিজ। উটপাখির মতো বালিতে মুখ গুঁজে বিপদ কাটিয়ে দেওয়ার যে প্রবণতা, ক্যারিবিয়ান ঢেউ ভাসিয়ে নিয়ে গেছে সেই বালির বাঁধ। টানা ৪টা টি-টোয়েন্টি সিরিজ জয়ে যে সাফল্যের দাবি, এশিয়া কাপের ব্যর্থতার পরও সেই দাবি থেকে সরে আসেননি ক্রিকেটাররা। বরং নানান সময়ে সংবাদ সম্মেলনে দিয়েছেন বিশ্বের যে কোনো দলকে হারিয়ে দেওয়ার হুংকার। নেপালের কাছে সিরিজ হেরে আসা এবং টানা ৭ টি-টোয়েন্টি সিরিজ হারা ওয়েস্ট ইন্ডিজ যখন চট্টগ্রামে বাংলাদেশকে হারিয়ে দিল, তখন আর উইকেট নিয়ে অজুহাত দেওয়ার সুযোগটাও থাকল না। ৩টা ম্যাচই বাংলাদেশ হেরেছে ব্যাটসম্যানদের দায়িত্বহীন ব্যাটিংয়ে, বাজে ফিল্ডিংয়ের খেসারত দিয়ে আর টিম ম্যানেজমেন্টের উদ্ভট পরিকল্পনায়।

দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হওয়ার আগে শ্রীলঙ্কা, পাকিস্তান, নেদারল্যান্ডস ও আফগানিস্তান এই চার দেশের বিপক্ষে সবশেষ চারটা টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল বাংলাদেশ। শ্রীলঙ্কার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ২-১, দেশে পাকিস্তানের বিপক্ষে ২-১ ও নেদারল্যান্ডসের বিপক্ষে ২-০ আর আফগানিস্তানের বিপক্ষে শারজায় ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জয়। পরিসংখ্যানের অঙ্কে জয় তবে ভেতরে আছে শুভঙ্করের ফাঁকি। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কা দলে ছিলেন না ওয়ানিন্দু হাসারাঙ্গার মতো পরীক্ষিত ক্রিকেটার, এশিয়া কাপের আগে বেশ কয়েকজন তরুণকে বাজিয়ে দেখেছে লঙ্কান টিম ম্যানেজমেন্ট। দেশে পাকিস্তানের বিপক্ষে মিরপুরের প্রথাগত উইকেটে খেলে অল্প রান তাড়া করে জিতেছে বাংলাদেশ, সিরিজের শেষ ম্যাচটায় পাকিস্তান আগে ব্যাট করে বড় সংগ্রহ গড়লে লিটন দাসের দল খাবি খেয়েছে সেই রানটা তুলতে। ভারত না আসায় তড়িঘড়ি করে নেদারল্যান্ডস দলকে ডেকে এনে সিলেটে যে ৩টা টি-টোয়েন্টি ম্যাচ খেলল বাংলাদেশ, তার একটিতেও টসে জিতে আগে ব্যাটিং নেননি লিটন। দলকে পরীক্ষা দিতে হয়নি আগে ব্যাট করে বড় সংগ্রহ গড়ার। যে  ম্যাচটায় টসে হেরে আগে ব্যাটিং করতে নেমেছিল বাংলাদেশ, সেটা ভেস্তেই যায় বৃষ্টির জন্য। শারজায় আফগানদের বিপক্ষে সিরিজেও ৯ রানে ৬ উইকেট হারিয়ে ফেলা, রশিদ খানকে বল হাতে আসতে দেখলেই জুজুর ভয়ে কুঁকড়ে যাওয়াসহ অনেক উপাদান থাকলেও সাইফ হাসানের ব্যাটিং নৈপুণ্যে সেসব অতিক্রম করেও জিতেছিল বাংলাদেশ। কিন্তু চট্টগ্রামে আর শেষরক্ষা হলো না। টানা বাজে খেলতে থাকা শামীম হোসেন, জাকের আলীদের জোর করেই যেন মাঠে নামাল টিম ম্যানেজমেন্ট, এমনকি জাকেরের ব্যাটিং দুর্বলতাকে আড়াল করতে তাকে শেষ ম্যাচে নামানো হলো আট নম্বরে! রিশাদ হোসেন, নাসুম আহমেদও ব্যাটিংয়ে নেমেছেন জাকেরের আগে। নিজ দেশের একজন ব্যাটসম্যান ব্যাট করতে নেমেছেন আর তাকে গোটা স্টেডিয়ামের দর্শকরা মিলে দুয়োধ্বনি দিচ্ছে, আউট হলে হাততালি দিচ্ছে... এমন বীভৎস পরিস্থিতির সামনে তাকে ঠেলে দেওয়ার দায়টা এড়াতে পারেন না দলের নীতিনির্ধারণে থাকা মানুষেরা।

হারের পর অধিনায়ক লিটন দাস অজুহাত হিসেবে দাঁড় করিয়েছেন টানা খেলার ক্লান্তিকে। লিটন নিজেই তো এশিয়া কাপ থেকে শুরু করে ৫ ম্যাচ চোটের কারণে বাইরে ছিলেন, ছিলেন না দুটো ওয়ানডে সিরিজেও। যে মিরপুরের উইকেট ব্যাটসম্যানদের ক্যারিয়ার ধ্বংস করে দেয়, সেখানেও তো খেলা হয়নি। তারপরও লিটন কেন ৫, ২৩ আর ৬ রান করবেন ৩ ম্যাচের সিরিজে, তার ব্যাখ্যা মেলেনি। টানা ব্যর্থতায় কেন জাকের একাদশে থাকছেন, তারও কোনো ব্যাখ্যা নেই। বিকেএসপির এক সময়ের কোচ, বর্তমানে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ সালাহউদ্দিনের বিরুদ্ধে প্রবল হচ্ছে স্বজনপ্রীতির অভিযোগ। জাতীয় দলের ওপর খবরদারি বাড়াতে বিসিবি সভাপতি বিশেষ ছায়া কমিটিকে দায়িত্ব দিচ্ছেন জাতীয় দলের দেখভালের, এমন প্রশ্নে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম কিছুটা বিব্রত, ‘বিসিবিরই অনেক স্ট্যান্ডিং কমিটি আছে এবং কমিটি যখন পূর্ণাঙ্গ রূপে কাজ করবে তারাই সব সিদ্ধান্ত নেবে। এখানে ছায়া কমিটি রাখার কোনো সুযোগ নেই। তবে কিছু সংখ্যক সাবেক ক্রিকেটার যাদের যথেষ্ট অভিজ্ঞতা আছে, যেকোনো বিষয়ে তাদের সঙ্গে আলোচনা হতে পারে।’ যদিও বিসিবি সূত্রে জানা গেছে, চার সদস্যের একটি ছায়া কমিটি দেখভাল করতে যাচ্ছে জাতীয় দল সংক্রান্ত কর্মকা-, যে চার সদস্য হলেন আমিনুল ইসলাম, ফারুক আহমেদ, খালেদ মাসুদ পাইলট ও আব্দুর রাজ্জাক।

টানা ব্যর্থ জাকের আলীকে একাদশে বারবার সুযোগ দেওয়া প্রসঙ্গে ফাহিম বলেন, ‘(কোনো খেলোয়াড়) যখন নতুন আসে তাদের ওপর প্রত্যাশা থাকে না। তারা খোলা মন নিয়ে খেলতে পারে, স্বচ্ছ চিন্তা নিয়ে খেলতে পারে। তাদের ব্যাপারে বিপক্ষ দলেরও অনেক কম জানাশোনা থাকে। তারপর আস্তে আস্তে সফলতা তো একটা প্রত্যাশা তৈরি করে, একই সঙ্গে বিপক্ষ দলও কিন্তু তাদের নিয়ে গবেষণা করে সবকিছু মিলিয়ে এক ধরনের চাপ তৈরি হয়। তবে মান ভালো থাকলে তারা কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারে। তারা নতুন পথ আবিষ্কার করে এবং সেখান থেকে বেরিয়ে আসে। আশা করব যে জাকের আলীও সেটা করতে পারবে।’

বাংলাদেশের পরের টি-টোয়েন্টি সিরিজ আয়ারল্যান্ডের বিপক্ষে, চট্টগ্রামে। ধরে নেওয়া যায় অন্তত এই প্রতিপক্ষের বিপক্ষে অন্তত কিছুটা রান করবেন ব্যাটসম্যানরা, তাতে যদি ভেঙে যাওয়া কাচের দেয়াল কিছুটা জোড়া লাগে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত