শ্রমিক আন্দোলন দমনের জবাব দেওয়া হবে : সিপিবি

আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ০৭:১৯ এএম

সিলেটের জালালাবাদের বাসভবন থেকে গভীর রাতে সিপিবির কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য কমরেড অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন ও ৯ শ্রমিকনেতাসহ বাসদ জেলা কার্যালয় থেকে ২২ জন গ্রেপ্তারের ঘটনাকে ন্যক্কারজনক বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন বলেছেন, স্বৈরাচারী ও ফ্যাসিবাদী কায়দায় গণগ্রেপ্তার চালিয়ে ন্যায্য শ্রমিক আন্দোলন দমনের এই হীন কা-ের উপযুক্ত জবাব অন্তর্বর্তী সরকারকে দেওয়া হবে।

গতকাল শনিবার ঢাকার পুরানা পল্টন মোড়ে বিক্ষোভ সমাবেশে সরকারের উদ্দেশে এই হুঁশিয়ারি দেন তিনি। এ সময় আরও বক্তব্য রাখেন পার্টির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন, সভাপতিম-লীর অন্যতম সদস্য রাগীব আহসান মুন্না, কেন্দ্রীয় কমিটির সদস্য মন্টু ঘোষ, সিপিবি ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সাইফুল ইসলাম সমীর, রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক কফিল উদ্দিন মোহাম্মদ, সিলেটের রিকশা শ্রমিকদের আন্দোলনের অন্যতম সংগঠক মনীষা ওয়াহিদ প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য সাদেকুর রহমান শামীম।

 পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সমাবেশে আবদুল্লাহ ক্বাফী রতন বলেন, সিলেট শহরে দীর্ঘ ৪০ দিন যাবত ব্যাটারিচালিত রিকশা বন্ধ করে রাখা হয়েছে। এ অবস্থায় রিকশা মালিক ও চালকদের পরিবার অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছে।

তিনি আরও বলেন, একটি চক্রান্তকারী মহল সংকটের সুরাহা করার পরিবর্তে ‘আবাদী হটাও, সিলেট বাঁচাও’ জিগির তুলে উগ্র আঞ্চলিকতাবাদী বিদ্বেষ ছড়াচ্ছে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত