প্রথম সিরীয় প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্র সফর করবেন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। গত শনিবার দামেস্কে নিযুক্ত যুক্তরাষ্ট্রের বিশেষ দূত টম ব্যারাক এ তথ্য জানান। হোয়াইট হাউজের এক কর্মকর্তা বলেন, ১০ নভেম্বরের দিকে এ সফর অনুষ্ঠিত হতে পারে। বাহরাইনে অনুষ্ঠিত বার্ষিক বৈশ্বিক নিরাপত্তা ও ভূ-রাজনীতিবিষয়ক সম্মেলন ‘মানামা ডায়ালগ’-এর ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন টম ব্যারাক। এ সময় তিনি আশা প্রকাশ করেন, শারার এ সফরে সিরিয়া যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইসলামিক স্টেটবিরোধী জোটে যোগ দেবে। এ বিষয়ে অবগত এক সিরীয় সূত্র জানায়, আগামী দুই সপ্তাহের মধ্যে শারা ওয়াশিংটন সফরে যেতে পারেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, শারার আগে রাষ্ট্রপ্রধান হিসেবে কোনো সিরীয় নেতা যুক্তরাষ্ট্র সফর করেননি। তবে গত সেপ্টেম্বরে শারা নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেন। ব্যারাক বলেন, ওয়াশিংটনের লক্ষ্য হলো ২০১৪ সাল থেকে ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ের জন্য যুক্তরাষ্ট্র যে জোটের নেতৃত্ব দিচ্ছে, তাতে সিরিয়াকে যুক্ত করা।
