রাজশাহীতে ডেন্টাল কলেজ প্রতিষ্ঠার দাবি

আপডেট : ০৩ নভেম্বর ২০২৫, ১২:৪০ এএম

রাজশাহীতে ডেন্টাল কলেজ প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন করেছেন রাজশাহী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের শিক্ষার্থীরা। এ সময় বেশ কয়েকজন শিক্ষকও এই কর্মসূচিতে অংশ নেন।

গতকাল রবিবার দুপুরে নগরীর হেতেমখাঁ এলাকায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ডেন্টাল ইউনিটের সামনে এ মানববন্ধন হয়। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, রাজশাহী জেনারেল হাসপাতালে ডেন্টাল ইউনিট দীর্ঘদিন ধরে পরিচালিত হচ্ছে। এখানে ইতিমধ্যে প্রয়োজনীয় অবকাঠামো, সরঞ্জাম ও জনবলসহ সব সুবিধা বিদ্যমান। তাই এই অবকাঠামোকে কাজে লাগিয়ে রাজশাহীতে পৃথক একটি ডেন্টাল কলেজ প্রতিষ্ঠা করা সম্ভব এবং তা সময়োপযোগী উদ্যোগ হবে।

অংশগ্রহণকারীরা রাজশাহী অঞ্চলের শিক্ষার্থীদের মানসম্মত ডেন্টাল শিক্ষা ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে দ্রুত রাজশাহী ডেন্টাল কলেজ স্থাপনের দাবি জানান। মানববন্ধনে ডেন্টাল ইউনিটের ইন্টার্ন প্রেসিডেন্ট ডা. মো. নাসরুল্লাহ শেখ, শিক্ষক ডা. মো. মাহফুজুর রহমান রাজ, শিক্ষার্থী গোলাম মর্তুজা বাধন, পরিতোষ রায়, মো. রুহুল কুদ্দুস, আফরিনা আক্তার প্রমুখ বক্তব্য দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত