রাজধানীর উত্তরায় নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে হাবিবুর রহমান (২২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি রডমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করতেন।
মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা ১১টার দিকে উত্তরা ১৭ নম্বর সেক্টরের ৮-ডি নম্বর রোডে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক দুপুরে তাকে মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী জিহাদুল ইসলাম জানান, নির্মাণাধীন ৪ তলা ভবনটির ছাদে কলাম বাধাইয়ের কাজ করছিলেন হাবিবুর। কাজ করার সময় অসাবধানতাবশত সেখান থেকে নিচে পড়ে যান। এতে মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত পান। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে প্রথমে উত্তরা আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরবর্তীতে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে জানান।
নিহতের চাচাতো ভাই শরিফুল ইসলাম জানান, তাদের বাড়ি রংপুরের তারাগঞ্জ উপজেলার মেনা নগর গ্রামে। তার বাবার নাম আসিম উদ্দিন। বর্তমানে উত্তরার ওই ভবনটিতেই থাকতেন হাবিবুর।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
