ফরিদপুরের বোয়ালমারীতে ভিমরুলের কামড়ে নুসরাত জাহান সাবিহা নামের ছয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মেয়েকে বাঁচাতে গিয়ে মা সুমনা ভিমরুলের কামড়ে আহত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
নুসরাতদের বাড়ি উপজেলার চতুল ইউনিয়নের বাইখীর গ্রামে। সে স্থানীয় বাইখীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নাসির উদ্দিনের মেয়ে। পরিবার সূত্রে জানা যায়, নুসরাতদের একতলা বাড়ির ছাদে ভিমরুলের একটি চাক ছিল। গত সোমবার দুপুরে নুসরাত ছাদে খেলতে খেলতে একটি গাছের ডাল ধরে টান দিলে ভিমরুলের দল চাক থেকে বের হয়ে তাকে ৫০-৬০টি কামড় দেয়। চিৎকার শুনে নুসরাতের মা সুমনা তাকে উদ্ধার করতে গেলে ভিমরুলের দল তাকেও কামড়ায়।
পরে আহত দুজনকে প্রথমে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ১০টার দিকে নুসরাত মারা যায়।
