ওসি-ডিআইজি পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ১

আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ০৭:২৭ এএম

পুলিশের ওসি ও ডিআইজি পরিচয়ে ভয়ভীতি প্রদর্শন করে প্রতারণার মাধ্যমে ১৫ লাখ টাকা হাতিয়ে নেওয়া একটি সংঘবদ্ধ চক্রের সদস্য সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গত মঙ্গলবার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গতকাল বুধবার সিআইডির মিডিয়া শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যবসায়ী খুরশীদ জাহান গত ২৫ আগস্ট বিকেলে হোয়াটসঅ্যাপে একটি কল পান। কল দাতা নিজেকে ‘ওসি মহসিন’ পরিচয় দিয়ে জানান, আলম গাজী নামে এক অর্থপাচারকারী পুলিশ হেফাজতে রয়েছেন। যিনি খুরশীদ জাহানের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে অর্থপাচার করেছেন, এখন তাকেও আসামি করা হবে। এমন ভয়ভীতি দেখিয়ে প্রতারক চক্রটি তাদের দেওয়া ব্যাংক হিসাব নম্বরে টাকা পাঠাতে বলেন। তার কথায় একাধিক ব্যাংক হিসাব নম্বরে তিন দফায় ১৫ লাখ টাকা জমা দেন। পরে চক্রটি ‘ডিআইজি’ পরিচয়ে আরও দুই লাখ টাকা দাবি করলে ভুক্তভোগী খুরশীদের সন্দেহ হয়। এ বিষয়ে ধানম-ি থানায় মামলা করেন।

সিআইডি মামলার তদন্তভার গ্রহণ করে। তদন্তের একপর্যায়ে সিআইডি চক্রের কার্যক্রম শনাক্ত করে। অপরাধীদের সংশ্লিষ্টতা প্রাথমিকভাবে প্রমাণিত হলে কেরানীগঞ্জ থেকে চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে মোবাইল ও সিমকার্ড জব্দ করা হয়। গ্রেপ্তার আসামি তার অপরাধের বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি দেন।

গতকাল আসামি সাদ্দাম হোসেনকে আদালতে তোলা হয়। তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। চক্রটির অন্য সদস্য শনাক্ত ও গ্রেপ্তারে সিআইডি অভিযান অব্যাহত রেখেছে বলেও জানানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত