বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘গত কয়েক বছরে বিভিন্ন দেশের তুলনায় বাংলাদেশে কোটিপতির সংখ্যা যেভাবে বেড়েছে, তা উদ্বেগজনক।’ গতকাল বুধবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ভবনে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শ্রমিক দলের উদ্যোগে ‘শহীদ জিয়া শ্রমিক জাগরণ, উৎপাদন ও উন্নয়ন শীর্ষক’ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, ‘বাংলাদেশে গত কয়েক বছরে কোটিপতির সংখ্যা সাংঘাতিক রকমে বেড়েছে। বিশ্বের বহু দেশের চেয়ে বাংলাদেশে কোটিপতির সংখ্যা বেড়েছে বেশি। এটা উদ্বেগের বিষয়। অথচ বাংলাদেশে কোটি কোটি মানুষ আরও বেশি দরিদ্র হয়েছে। এই যে উন্নয়ন, এ উন্নয়ন অসম উন্নয়ন, কিছু মানুষ আরও বড়লোক হবে, কিছু মানুষ আরও দরিদ্র হবে। এটা সবার জন্য উন্নয়ন না।’
