ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) দাওয়াহ সার্কেল-এর উদ্যোগে ৪ দিনব্যাপী শীতকালীন বইমেলা শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের পায়রা চত্বরে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মেলা উদ্বোধন করেন।
উদ্বোধনের পর উপাচার্য বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। বইমেলায় লেখক-পাঠক আড্ডা, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা, বিনামূল্যে গাছের চারা বিতরণসহ বিভিন্ন আয়োজন রয়েছে। বইমেলায় ২৮টি প্রকাশনীর স্টল স্থান পেয়েছে। আগামী ৯ নভেম্বর এই মেলা শেষ হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজ হচ্ছে সমাজের জন্য জ্ঞানের উৎপাদন ও বিতরণ। এক্ষেত্রে বইমেলা অন্যতম একটি প্রধান অনুঘটক। বইমেলা আয়োজনের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় এ ধরনের আয়োজনকে উৎসাহ দেয়। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে জ্ঞানের উৎপাদন ও বিতরণে যারা যে প্রক্রিয়ায় সহযোগিতা করবেন, ঢাকা বিশ্ববিদ্যালয় তার পাশে থাকবে। বইমেলাকে একটি সর্বজনীন কর্মসূচি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এই কর্মসূটি সবার মাঝে ছড়িয়ে দিতে হবে।
বইমেলা উদ্বোধনকালে ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ছানাউল্লাহ, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবু সায়েম এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো. কামরুল হাসানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
