এক দিনে ৮৩৪ ডেঙ্গু রোগী হাসপাতালে

আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ০৭:৩৮ এএম

দেশে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ৭৭ হাজার ৩৪৮ জনে। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮৩৪ জন ভর্তি হয়েছে। এর মধ্যে বরিশাল বিভাগে ১৬৭ জন, চট্টগ্রাম বিভাগে ১০৩, ঢাকা বিভাগে ২২৯, ঢাকা উত্তর সিটিতে ২০৩, ঢাকা দক্ষিণ সিটিতে ৬০ ও ময়মনসিংহ বিভাগে ৭২ জন ভর্তি হয়েছেন। এ ছাড়া অন্য বিভাগগুলোয় ডেঙ্গুতে আক্রান্তদের তথ্য জানাতে পারেনি স্বাস্থ্য অধিদপ্তর। এ বছর জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭৭ হাজার ৩৪৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময় চিকিৎসাধীন অবস্থায় ৩০৭ জন মারা গেছে। তবে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে ৮১৯ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। এ নিয়ে ৭৩ হাজার ৭৮৫ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। গতকাল পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন আছে ৩ হাজার ২৫৬ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত