সমিতির টাকা লেনদেনের বিরোধে যুবক খুন

আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ০৭:৪০ এএম

চট্টগ্রাম নগরে নিজ বাড়ির সামনে ছুরিকাঘাতে মো. আকবর (৩৫) নামে এক যুবক খুন হয়েছেন। গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে হালিশহরের মাইজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. আকবর মাইজপাড়া এলাকার আব্দুর রহমানের  ছেলে। তার স্ত্রী ও তিন সন্তান আছে। তিনি স্ক্র্যাপের দোকানে চাকরি করতেন।

হালিশহর থানার ওসি নুরুল আবছার বলেন, ‘সমবায় সমিতির টাকা লেনদেনের বিরোধের জেরে মারামারির একপর্যায়ে আকবরকে ছুরিকাঘাত করা হয়। এরপর দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা আকবরকে মৃত ঘোষণা করেন। লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। মামলা প্রক্রিয়াধীন। ঘটনার তদন্ত চলছে।’ নিহত আকবরের বোন সায়মা বলেন, ‘বাড়ির সামনে দুপক্ষের মধ্যে মারামারি চলছিল। তখন আমার ভাই বাড়ির ঠিক সামনে দাঁড়িয়ে ছিল। হঠাৎ আমার ভাইকে ছুরিকাঘাত করা হয়। কয়েকজনকে আমরা চিনি। তারা হালিশহর বি-ব্লক এলাকার  লোকজন।’

স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, বাড়ির অদূরে  মোটরসাইকেলে আসা ৪-৫ জন সন্ত্রাসী আকবরকে অতর্কিতে ঘিরে ধারালো দা ও চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন আকবর। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নরুল আলম আশেক  জানান, কুপিয়ে আহত করা এক যুবককে শুক্রবার রাত ১১টার দিকে হাসপাতালে আনার পর জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বড় বোন জোসনা বেগম দাবি করেছেন, স্ক্র্যাপের দোকানে চাকরির পাশাপাশি তার ভাই আকবর এলাকায় একটি ক্ষুদ্র সমবায় সমিতি পরিচালনা করতেন। সেখানে এলাকার লোকজন টাকা জমা রাখতেন, আবার ক্ষুদ্রঋণও দেওয়া হতো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত