‘অসহায় মানুষের পাশে অভিভাবক হয়ে থাকবে বিএনপি পরিবার’ এমন প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও কেন্দ্রীয় শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।
তিনি বলেন, ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা শুধু রাজনীতি নয়, মানবতার রাজনীতিতে বিশ্বাস করি। যারা দুঃখকষ্টে আছে, তাদের পাশে থেকে সহমর্মিতার হাত বাড়ানোই আমাদের দায়িত্ব।’
এতিম শিশু মরিয়ম ও তার ছোট ভাই ইসমাইলের প্রতি সহায়তার হাত বাড়াতে গতকাল শনিবার বিকেলে ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে একটি প্রতিনিধিদল পাবনার ভাঙ্গুড়া উপজেলার খাঁন মরিচ ইউনিয়নের মাদারবাড়িয়া গ্রামে যায়। তারা মরিয়মের পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণের ঘোষণা দেয় এবং নিয়মিত মাসিক শিক্ষাবৃত্তি ও আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দেয়। মাত্র ২২ দিন আগে সড়ক দুর্ঘটনায় বাবা-মাকে হারিয়ে অনিশ্চিত জীবনের মুখে পড়ে মাদারবাড়িয়ার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মরিয়ম। ছোট ভাইকে নিয়ে তার শৈশবের সব স্বপ্ন থমকে যায়।
‘২২ দিন আগে বাবা-মায়ের মৃত্যু, ছোট ভাই ও সংসারের দায়িত্ব চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মরিয়মের কাঁধে!’ সামাজিক যোগাযোগমাধ্যমে এমন শিরোনামে খবর ভাইরাল হলে দেশের নানা প্রান্ত থেকে সহমর্মিতা প্রকাশ করা হয়। প্রতিবেদনটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসে। পরে তার নির্দেশেই ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনটি মানবিক উদ্যোগ গ্রহণ করে মরিয়মের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। তিনি মরিয়মের প্রতি সহানুভূতি জানিয়ে বলেন, “তারেক রহমান সবসময় অসহায় মানুষের খোঁজ রাখেন। তার নির্দেশেই ‘আমরা বিএনপি পরিবার’ আজ মরিয়মের পাশে দাঁড়িয়েছি। এভাবে সারা দেশে অনাথ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে অভিভাবক হয়ে থাকবে এই পরিবার।”
সংগঠনের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন বলেন, ‘মরিয়ম ও তার ছোট ভাইয়ের পড়াশোনা থেকে শুরু করে জীবনের সব প্রয়োজনীয় সহায়তা আমরা নিয়মিত দেব। শিক্ষাবৃত্তির পাশাপাশি একটি বিশেষ তহবিল গঠন করা হবেÑ যেন এমন শিশুদের ভবিষ্যৎ সুরক্ষিত থাকে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন, পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার, পাবনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য আরিফা সুলতানা রুমা, পাবনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্স।
