কুমিল্লা-৯ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়নপ্রত্যাশী ও সাবেক সংসদ সদস্য প্রয়াত কর্নেল (অব.) এম আনোয়ার-উল আজিমের মেয়ে সামিরা আজিম দোলার গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩৫ জন আহত হয়েছে। গতকাল রবিবার বেলা ১টার দিকে উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের ছনগাঁও গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সামিরা আজিম দোলার অনুসারীদের অভিযোগ, বিএনপির কেন্দ্রীয় শিল্পবিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা সভাপতি মো. আবুল কালামের অনুসারীরা এই হামলা চালান।
এ বিষয়ে দোলার দুই অনুসারী জসিম উদ্দিন ও জাহিদুল ইসলাম বলেন, গত ৩ নভেম্বর বিএনপির ঘোষণা অনুযায়ী তালিকায় কুমিল্লা-৯ আসনে আবুল কালামের নাম থাকলেও সামিরা আজিম দোলার নাম ছিল না। তবু তিনি চূড়ান্ত মনোনয়ন পাওয়ার আশায় মাঠে সক্রিয় ছিলেন। গতকাল সকালে কান্দিরপাড় ইউনিয়নের কয়েকটি স্থানে উঠান বৈঠকের আয়োজন করেন দোলা। বেলা ১১টার দিকে কেমতলি গ্রামে বৈঠক শেষে গাড়িবহর নিয়ে ছনগাঁও যাওয়ার পথে প্রতিপক্ষের অনুসারীরা তার গাড়িবহর আটকে ভাঙচুর ও হামলা চালায় বলে অভিযোগ করেন তারা। এতে সামিরা আজিম দোলা ও তার বশে কয়েকজন অনুসারী আহত হন।
অন্যদিকে অভিযোগ অস্বীকার করে বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা সভাপতি মো. আবুল কালাম বলেন, ‘সামিরা আজিম দোলার নেতাকর্মীরা গরু জবাই করে মাংস ভাগাভাগি করতে গিয়ে নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। খবর পেয়ে আমাদের নেতাকর্মীরা থামাতে গেলে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।’
এ বিষয়ে লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা বলেন, ঘটনার পরপরই পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
