'অনেকগুলো ক্যাচ মিস হয়েছে, তবে আর হবে না'

আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ০৬:৪১ পিএম

সিলেট টেস্টের প্রথম দিনটা ছিল পুরোপুরি বাংলাদেশের স্পিনারদের দখলে। আইরিশ ব্যাটারদের ঘূর্ণির ফাঁদে ফেলে দিনশেষে আয়ারল্যান্ডকে ৮ উইকেটে ২৭০ রানে আটকে রেখেছে টাইগাররা। তবে দিনটা আরও উজ্জ্বল হতে পারত, যদি না একের পর এক সহজ ক্যাচ হাতছাড়া করতেন ফিল্ডাররা।

মোট পাঁচটি ক্যাচ মিস করেছেন বাংলাদেশের ফিল্ডাররা—সাদমান ইসলাম, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। ৮ ও ১০ রানে জীবন পেয়ে অর্ধশতক তুলে নেন পল স্টার্লিং ও অভিষিক্ত কেড কারমাইকেল। জীবন পেয়েছেন লরকান টাকার ও জর্ডান নিলও। এসব ভুলের কারণেই বড় সংগ্রহের পথে এগিয়ে গেছে আইরিশরা।

দিন শেষে সংবাদ সম্মেলনে পেসার হাসান মাহমুদ বলেন, “ওটা গেমেরই অংশ। ক্যাচ ছাড়বেই, কিন্তু আমরা সবসময় চেষ্টা করি। এটাকে পজিটিভভাবে নেই—যত সুযোগ আসে, ফিল্ডাররা আরও রেডি হয়ে যায় পরেরটার জন্য। তবে অবশ্যই ভালো লাগে না ক্যাচ মিস হলে। সবাই কঠোর পরিশ্রম করছে, প্রতিদিনই ক্যাচিং প্র্যাকটিস করছি। আশা করছি, পরেরবার এতগুলো মিস হবে না।”

সংবাদ সম্মেলনে হাসান মাহমুদ

হাসান জানান, দল এখন ফিল্ডিংয়ের ওপর বিশেষভাবে কাজ করছে। নিয়মিত অনুশীলনের মধ্য দিয়েই ভুলগুলো কমিয়ে আনার চেষ্টা চলছে। “সবাই খুব মনোযোগ দিয়ে কাজ করছে ফিল্ডিং নিয়ে। খেলার মধ্যে এমনটা হতেই পারে, কিন্তু আমরা চেষ্টা করছি রিকভার করতে। হয়তো আজ অনেক মিস হয়েছে, কিন্তু পরেরবার কমে যাবে।”

বাংলাদেশের হয়ে প্রথম দিনে তিনটি উইকেট নিয়েছেন অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ, অভিষিক্ত বাঁহাতি স্পিনার হাসান মুরাদ নিয়েছেন দুটি। উইকেটের আচরণ দেখে হাসান মাহমুদের বিশ্বাস, ম্যাচ যত এগোবে, স্পিনাররাই হয়ে উঠবেন আরও ভয়ংকর।

“স্পিনারদের জন্য উইকেটটা ভালো। দিন যত যাবে, আরও টার্ন হবে। যদি ওরা কনসিস্টেন্ট থাকে, আমার মনে হয় স্পিনাররাই আমাদের এই ম্যাচ জেতাবে।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত