মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ বাহাউদ্দিনের অফিসকক্ষ থেকে ব্যাগ চুরির অভিযোগে পাঁচ কথিত সাংবাদিককে গ্রেপ্তার করেছে সদর থানা-পুলিশ। গতকাল দুপুরে শহরের সদর থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন জিন্নাতুন নেছা মৌসুমী, হারুন অর রশিদ, বজলুর রহমান, শামীম হোসেন এবং সাইফুল ইসলাম।
পুলিশ ও মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত সোমবার সকাল ১০টার দিকে গ্রেপ্তারকৃত পাঁচজনসহ মোট নয়জন তত্ত্বাবধায়কের অফিসকক্ষে প্রবেশ করেন। এ সময় তারা সাংবাদিক পরিচয়ে ডা. বাহাউদ্দিনের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন। পরে বের হওয়ার সময় তাদের একজন তত্ত্বাবধায়কের ব্যবহৃত ব্যাগটি চুরি করে নিয়ে যায়। অভিযোগে বলা হয়, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সাদা শার্ট পরিহিত আসামি শামীম হোসেন কাঁধে ব্যাগটি নিয়ে চলে যাচ্ছেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন, এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
