২৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ০৫:০৭ পিএম

চট্টগ্রাম নগরে প্রতারণা করে ২৯ লাখ টাকা আত্মসাতের মামলায় অনামিকা দত্ত (৩২) নামের এবি ব্যাংকের এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১২ নভেম্বর) রাতে নিউমার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযুক্ত অনামিকা নগরের উত্তর নালাপাড়ার সুহৃদ বরণ দত্তের মেয়ে। তিনি এবি ব্যাংকের জুবলি রোড শাখায় কর্মরত ছিলেন। এর আগে গত ১০ নভেম্বর প্রতারণার অভিযোগে অনামিকা দত্ত ও তার পিতা সুহৃদ বরণ দত্তসহ অজ্ঞাতনামা আরও ১ থেকে ২ জনের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা করেন দেবীকা চৌধুরী।

মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালী থানার এসআই শেখ তারিকুল ইসলাম জানান, প্রতারণার মাধ্যমে ২৮ লাখ ৭৯ হাজার ৮৮৫ টাকা আত্মসাতের মামলায় বুধবার রাতে ব্যাংক কর্মকর্তা অনামিকা দত্তকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, দেবীকা চৌধুরীর সঙ্গে ব্যাংক কর্মকর্তা অনামিকা দত্ত সুসম্পর্ক স্থাপন করে তার আস্থা অর্জন করেন এবং বলেন, ব্যাংকটি দেউলিয়া হতে পারে। তিনি তার নামীয় এফডিআর ভেঙে নেওয়ার পরামর্শ দেন। গত ৫ অক্টোবর এবি ব্যাংক আন্দরকিল্লা শাখায় অভিযোগকারীকে ভুল বুঝিয়ে তার নামের এফডিআর হিসাব থেকে অনামিকা দত্তের ব্যাংক হিসাবের মাধ্যমে ১৪ লাখ ৭৯ হাজার ৮৮৫ টাকা স্থানান্তর করা হয়।

একই কৌশলে গত ৭ অক্টোবর এবি ব্যাংক জুবলি রোড শাখায় একই হিসেবে আরও ১৪ লাখ টাকা স্থানান্তর করা হয়, যার মোট পরিমাণ দাঁড়ায় ২৮ লাখ ৭৯ হাজার ৮৮৫ টাকা। এবি ব্যাংকের চট্টগ্রাম জোনাল কর্মকর্তা মো. দিদারুল আলম বলেন, অনামিকা দত্ত আমাদের স্থায়ী কর্মকর্তা নন। টাকা লেনদেনের বিষয়টি তার আত্মীয়ের সঙ্গে ঘটেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত