যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজা উপত্যকায় বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। দক্ষিণ গাজার খান ইউনিসে বোমা হামলায় ৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। আরেক শহর রাফাহতেও হেলিকপ্টার থেকে বোমা ফেলেছে ইসরায়েলি বাহিনী। পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরের নাবলুসে ইসরায়েলি বাহিনীর অভিযানে আরও এক ফিলিস্তিনি নিহত হয়। এ ছাড়াও রামাল্লাহর পশ্চিমাঞ্চলীয় বেইতুনিয়ায় চার ফিলিস্তিনির ওপর আক্রমণ করেছে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীরা।
এদিকে, যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে আরও ১৫ ফিলিস্তিনি বন্দির মরদেহ হস্তান্তর করেছে ইসরায়েল। গত ১০ অক্টোবর হওয়া যুদ্ধবিরতি চুক্তির পর এ নিয়ে ৩৩০ জন ফিলিস্তিনি বন্দির মরদেহ হস্তান্তর করল তেল আবিব। পাশাপাশি গাজা সিটির জেইতুন এলাকায় হামাসের কাছে থাকা এক জিম্মির মরদেহের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত আছে। আন্তর্জাতিক মানবিক সংস্থা রেডক্রস ও হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেড যৌথভাবে এই অভিযান চালাচ্ছে।
