সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

আপডেট : ১৭ নভেম্বর ২০২৫, ০৯:০৬ এএম

ফেনীর পরশুরামে স্থানীয় একটি সালিশে যাওয়ার পথে মোটর সাইকেল দুর্ঘটনায় পারভেজ হোসেন (৫৮) নামের এক বিএনপি নেতা নিহত হয়েছেন। রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় পরশুরাম-সুবার বাজারের কাউতলী রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পারভেজ উপজেলার মির্জানগর ইউনিয়নের কালিকাপুর গ্রামের সাদেক মজুমদারের ছেলে। তিনি ঐ এলাকার ৯ নং ওয়ার্ডের যুবদলের সাবেক সাধারণ সম্পাদক। বর্তমানে উপজেলা বিএনপির সদস্য। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রবিবার দুপুরে নিজ কালিকাপুর গ্রামে বালু উত্তোলনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে একটি সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় উভয় পক্ষের চারজন আহত হয়। সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে পরশুরাম উপজেলা সদরে সন্ধ্যায় একটি সালিশ বৈঠকের উদ্যোগ নেওয়া হয়। সালিশে যোগ দিতে স্থানীয় বিএনপি নেতা পারভেজ মজুমদার ও হারুন মোটরসাইকেল যোগে নিজ কালিকাপুর থেকে পরশুরামের উদ্দেশ্যে রওনা দেন। পরে সুবার বাজারের কাউতলী রাস্তার মাথায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি টমটমের সঙ্গে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে দুইজন মারাত্মকভাবে আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পারভেজের অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকের পরামর্শে পরিবারের সদস্যরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সে মারা যায়।

নুরুল করিম নামের স্থানীয় এক বাসিন্দা জানান, নিজ কালিকাপুর গ্রামে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুপুরে একটি সংঘর্ষের ঘটনা ঘটে। উপজেলা বিএনপির নেতৃবৃন্দের উদ্যোগে উপজেলা সদরের একটি শালিশ বৈঠক আহ্বান করা হয়। পরে সালিশে যোগ দেওয়ার উদ্দেশ্যে পারভেজ ও হারুন মোটরসাইকেলে করে পরশুরামের উদ্দেশ্যে রওনা দেন। এ সময় দুর্ঘটনায় দুজনে আহত হলে পারভেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান।

পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন গুরুতর আহত হয়। তাদের মধ্যে পারভেজ নামের একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত