মানিকগঞ্জের সিংগাইরে ইসলামী ব্যাংক পিএলসি শাখায় অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। গত রবিবার রাত আড়াইটার দিকে সিংগাইর বাজার রোডে ইসলামী ব্যাংকের শাখায় আগুন লাগে বলে নিশ্চিত করেন শাখা ব্যবস্থাপক মো. রমজান আলী।
তিনি জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ব্যাংকের ভেতরে ৮টি কম্পিউটার, ২টি প্রিন্টার, ৩টি এসিসহ, বিভিন্ন আসবাব পুড়ে যায়। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
খবর পেয়ে সিংগাইর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, থানা পুলিশ ও স্থানীয় বাসিন্দারা যৌথভাবে এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
সিংগাইর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো. মহিবুর রহমান জানান, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সদস্যরা সর্বাত্মক চেষ্টা চালিয়েছেন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ধারণা মিলেছে।
এ ঘটনায় গতকাল সোমবার সকালে ইসলামী ব্যাংকের ঢাকা নর্থ জোন প্রধান ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ কে এম মাহবুব মোরশেদ ঘটনাস্থল পরিদর্শন করেন।
শাখা ব্যবস্থাপক মো. রমজান আলী গ্রাহকদের উদ্দেশে বলেন, ‘ঘটনাটি দুঃখজনক হলেও আতঙ্কিত হওয়ার কিছু নেই। সব সেবা স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। গ্রাহকদের শান্ত থেকে ধৈর্যধারণ করার অনুরোধ জানাচ্ছি।’
