বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি মিছিল

আপডেট : ১৯ নভেম্বর ২০২৫, ১২:৪৫ এএম

ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে বিএনপির মনোনয়ন কেন্দ্র করে গত সোমবার রাতে ঝালকাঠি শহরে উত্তেজনার সৃষ্টি হয়। এ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সমর্থকরা রাত ৮টার দিকে মশাল মিছিল বের করেন। একই সময় বিএনপি মনোনীত প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর সমর্থকরাও শহরে মিছিল বের করেন। দুই পক্ষের পাল্টাপাল্টি মিছিলে বিএনপির স্থানীয় রাজনীতিতে বিভাজন আবার স্পষ্ট হয়ে উঠেছে।

শহরে সাধনার মোড় থেকে ইলেন ভুট্টোর সমর্থকরা মিছিল বের করেন। ইলেন ভুট্টো বলেন, ‘দল আমাকে মনোনয়ন দিয়েছে। কিছু মানুষ এ সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না। আমি মনোনয়ন পাওয়ার পর জেলার সব নেতার সঙ্গে দেখা করেছি। কাউকে বাদ দিয়ে নয়, সবাইকে নিয়েই ধানের শীষের জন্য কাজ করব। কিন্তু আমার বিরুদ্ধে মশাল মিছিল করাটা দুঃখজনক, এতে ভোটাররা বিভ্রান্ত হতে পারে, যা দলের জন্য ক্ষতি বয়ে আনবে।’

একই সময়ে শহরের পেট্রোলপাম্প এলাকা থেকে জেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা মশাল মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পূর্বচাঁদকাঠিতে গিয়ে বিক্ষোভ করে। বিক্ষোভকারীদের দাবি, দলীয় মনোনয়ন পুনর্বিবেচনা করে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন, কেন্দ্রীয় নেতা মাহাবুবুল হক নান্নু কিংবা কেন্দ্রীয় নেত্রী জেবা আমিনা খান এই তিনজনের মধ্যে কাউকে প্রার্থী করা উচিত। ইলেন ভুট্টোর মনোনয়ন প্রত্যাহার করতে হবে।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার পাল্টাপাল্টি মিছিল নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, মনোনীত প্রার্থীর বিরুদ্ধে মশাল মিছিল করা দলের সিদ্ধান্তের বাইরে যাওয়া। কেন্দ্র যে সিদ্ধান্ত নেবে, সবাইকে তা মেনে চলতে হবে। বিভাজন সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, রাজনীতিতে মতভেদ থাকতে পারে, কিন্তু নির্বাচনের আগে এমন অস্থিরতা দলের জন্য ক্ষতিকর। এখন আমাদের একমাত্র লক্ষ্য ঐক্যবদ্ধ থাকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত