মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদন্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বিবৃতি দেওয়া শিক্ষকদের চাকরিচ্যুত করার দাবিতে কঠোর অবস্থান নিয়েছে দেশের চারটি প্রধান পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ। ছাত্র সংসদগুলো আগামী ১০ কার্যদিবসের মধ্যে হাসিনার পক্ষে স্বাক্ষরকারী শিক্ষকদের চাকরি থেকে অব্যাহতি দেওয়ার জন্য সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আলটিমেটাম দিয়েছে। অন্যথায় শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু), রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) যৌথ বিবৃতিতে এই দাবি জানিয়েছে তারা। বিবৃতিতে স্বাক্ষর করেছেন ডাকসুর জিএস এস এম ফরহাদ, জাকসুর জিএস মো. মাজহারুল ইসলাম, রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার এবং চাকসুর জিএস সাঈদ বিন হাবিব। বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে শেখ হাসিনাকে ২০২৪ সালের জুলাই বিপ্লবে ড্রোন, হেলিকপ্টার ও লেথাল অস্ত্র ব্যবহার করে ছাত্র-জনতার ওপর হত্যাযজ্ঞ চালানোর নির্দেশদাতা হিসেবে দোষী সাব্যস্ত করে মৃত্যুদন্ড দেওয়া হয়েছে। এই রায়কে ছাত্র সংসদগুলো ‘ন্যায়বিচারের যুগান্তকারী পদক্ষেপ’ ও ‘শহীদদের প্রতি শ্রদ্ধার বহিঃপ্রকাশ’ বলে অভিহিত করেছে।
তারা বলছেন, যে আদালত মানবতাবিরোধী অপরাধী হিসেবে হাসিনাকে মৃত্যুদ- দিয়েছে, তার পক্ষে দাঁড়ানো মানে সর্বোচ্চ আদালতের রায়ের প্রতি অবজ্ঞা ও জুলাই বিপ্লবের শহীদ-আহতদের প্রতি চরম অবমাননা।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, শিক্ষকদের ওই বিবৃতিতে ১০০১ জনের স্বাক্ষরের দাবি করা হলেও প্রকাশিত তালিকায় মাত্র ৬৫৯ জনের নাম রয়েছে। এ ছাড়া অনেক শিক্ষককে না জানিয়ে জালিয়াতির মাধ্যমে তাদের নাম যুক্ত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ অবস্থায় সংশ্লিষ্ট সব বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দ্রুত তদন্ত করে দোষী শিক্ষকদের চিহ্নিত করার নির্দেশ দিয়েছে ছাত্র সংসদগুলো। সেই সঙ্গে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়েছে, হাসিনার পক্ষে অবস্থান নেওয়া শিক্ষকদের সব ক্লাস-পরীক্ষা বয়কট করতে এবং তাদের সামাজিক ও অ্যাকাডেমিকভাবে প্রতিহত করতে।
ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ : এদিকে ফাঁসির দন্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী হাসিনার ফাঁসির রায়ের বিরুদ্ধে বিবৃতি দিয়ে জঙ্গিবাদকে উস্কে দেওয়া ঢাবির শিক্ষক, জঙ্গিবাদী লীগের দোসর কর্মকর্তা কর্মচারী ও শিক্ষকদের চাকরিচ্যুত করে বিচারের মুখোমুখি করার দাবিতে ভিসি অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। গতকাল বিকেলে তারা মিছিল নিয়ে রেজিস্ট্রার ভবনস্থ ভিসি অফিসের সামনে অবস্থান গ্রহণ করেন।
শিক্ষার্থীরা বলেন, যেসব শিক্ষক ও কর্মকর্তা খুনী হাসিনার ফাঁসির রায়ের বিরুদ্ধে বিবৃতি দিয়েছে তাদেরকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখতে চাই না। তাদের স্থায়ী বহিষ্কার করতে হবে এবং অতি দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে হবে।
ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, খুনী হাসিনা দেশ ছেড়ে পালালেও তার দোসররা রয়ে গেছে। হাসিনাকে ফাঁসির রায় দেওয়া হলে এই দোসররা খুনীর পক্ষে বিবৃতি দিয়েছে। ফাঁসির রায়ের বিরুদ্ধে বিবৃতি দিয়ে জঙ্গিবাদকে উস্কে দেওয়া ঢাবির শিক্ষক, জঙ্গিবাদী লীগের দোসর কর্মকর্তা কর্মচারী ও শিক্ষকদের চাকরিচ্যুত করে বিচারের মুখোমুখি করার দাবিতে আমাদের এই অবস্থান। আমরা তাদের ক্লাস বয়কট করব। তাদের স্থায়ী বহিষ্কারের জোর দাবি জানাচ্ছি।
