পশ্চিম আফ্রিকার দেশ মালির দুটি গ্রামে সেনাবাহিনীর অভিযানে অন্তত ৩১ জন নিহত হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সংস্থাটি বলছে, মালির সেনাবাহিনী ও তাদের মিত্র যোদ্ধারা দেশটির মধ্য সেগু অঞ্চলের দুটি গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামবাসীদের হত্যা করে। আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট প্রধান বিদ্রোহী গোষ্ঠীটি এখানে সবচেয়ে বেশি সক্রিয়। এইচআরডব্লিউর ওই প্রতিবেদন অনুযায়ী, গত ২ অক্টোবর প্রথম হামলাটি হয় কামোনা গ্রামে। সেখানে সেনা ও মিলিশিয়া সদস্যরা অন্তত ২১ জন পুরুষকে হত্যা করে এবং কয়েকটি বাড়িতে আগুন দেয়। দ্বিতীয় হামলাটি ঘটে প্রায় ৫৫ কিলোমিটার দূরের বালে গ্রামে, যেখানে অন্তত ১০ জনকে হত্যা করা হয়। নিহতদের মধ্যে একজন নারী ছিলেন। প্রত্যক্ষদর্শীরা এইচআরডব্লিউকে জানান, সেনা ও মিলিশিয়া সদস্যরা গ্রামবাসীদের জামা’আত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিনের (জেএনআইএম) সঙ্গে সহযোগিতার অভিযোগে ধরে নিয়ে গুলি করে হত্যা করে। আল-কায়েদা ঘনিষ্ঠ এই গোষ্ঠীটি দেশটির দক্ষিণাঞ্চলে তাদের প্রভাব আরও বিস্তার করেছে।
×
