চট্টগ্রামের রাউজানে বিগত দশ মাস ২০ দিনে ৫৭৭টি আগ্নেয়াস্ত্র ও ৪৬২টি গুলি উদ্ধার করা হয়েছে। একই সময়ে ১৪০ অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রাসেল এই তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে গত দুই দিনের ব্যবধানে উপজেলার বিভিন্ন জায়গা থেকে ৮টি দেশিয় তৈরি এলজি, ছয় রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। জেলা পুলিশ, র্যাব-৭, নৌ-পুলিশ ও ৯ এপিবিএন’র যৌথ অভিযানে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। একইসঙ্গে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে গত ১৭ নভেম্বর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পলোয়ানপাড়ায় পুকুর সেচে একটি বিদেশি পিস্তল, ৪টি এলজি, একটি রাইফেল ও ১১টি গুলি। গত সোমবার সকালে শাহ আলম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তার তথ্যের ভিত্তিতে ওই এলাকার একটি পুকুর সেচে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
চট্টগ্রামের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু সংবাদ মাধ্যমকে জানান, বুধবার (১৯ নভেম্বর) রাত থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত রাউজান থানাধীন নোয়াপাড়া, বাগোয়ান, পূর্ব ও পশ্চিম গুজরা, সুলতানপুর, কদলপুর, রাউজান ইউপি ও পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে এবং একই সময়ে ১৭টি স্থানে চেকপোস্ট বসিয়ে যানবাহন ও সন্দেহভাজনদের তল্লাশি করা হয়। অভিযানে দেশিয় তৈরি ৮টি এলজি, ৬ রাউন্ড কার্তুজ, ১৪টি ছোরা, ৩টি রামদা, ২টি চাপাতি, ২টি তলোয়ার, ১টি কিরিচ ও ১টি ইলেক্ট্রিক কাটার। চেকপোস্টে ২৮টি মোটরসাইকেল ও ১টি ট্রাক জব্দ করা হয় এবং মোটরযান আইনে ৩৭টি মামলা দায়ের করা হয়। বিভিন্ন অপরাধে ৫ জনকে গ্রেপ্তার করা হয়। এদিকে র্যাব-৭ এর অভিযানে উদ্ধার করা হয় ৩টি এলজি, ২টি তলোয়ার ও ১টি কিরিচ।
জেলা পুলিশ সূত্রগুলো জানায়, সম্প্রতি চট্টগ্রামের হাটহাজারীর মদুনাঘাট এলাকায় রাউজানের যুবদলকর্মী ও ব্যবসায়ী আবদুল হাকিম হত্যা মামলায় ইতোমধ্যে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে, এর মধ্যে ২ জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। উক্ত মামলায় উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে ৪টি বিদেশি পিস্তল, ১টি রিভলভার, ১টি চায়না রাইফেল, ১টি শর্টগান, ২টি এলজি, ৮৫ রাউন্ড গুলি, ৭টি ম্যাগাজিন, ২টি রামদা, ৫টি ছুরি ও একটি মোটরসাইকেল।
পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু আরও জানান, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত জেলা পুলিশ ও গোয়েন্দা শাখার অভিযানে উদ্ধার করা হয়েছে ৫৭৭টি আগ্নেয়াস্ত্র, ৪৬২টি গুলি ও ২০৬ রাউন্ড কার্তুজ। অস্ত্র আইনে মামলা হয়েছে ৯৬টি এবং গ্রেপ্তার করা হয়েছে ১৪০ জন। এছাড়া চলতি নভেম্বর মাসে রাউজান থানা এলাকায় অস্ত্র আইনে দায়ের হয়েছে ১০টি মামলা। গ্রেপ্তার হয়েছে ৮ জন এবং উদ্ধার করা হয়েছে ২৪টি আগ্নেয়াস্ত্র, ৮৫ রাউন্ড গুলি ও ৩২টি কার্তুজ।
কুয়েটে নবায়নযোগ্য জ্বালানি এবং টেকসই উন্নয়ন বিষয়ক সিম্পোজিয়াম
রাজশাহীতে বিচারক পুত্র হত্যা মামলার আসামি আরো ৫ দিনের রিমান্ডে