প্রতিদিনের বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়ে ফরচুন বরিশাল-ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের গ্রুপ ফাইনালে উঠেছে দেশ রূপান্তর।
গতকাল মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রতিদিনের বাংলাদেশকে ৪২ রানে হারায় দেশ রূপান্তর। টসে জিতে আগে ব্যাট করতে নেমে শওকত আলী পলাশের ৩৬ এবং সুদীপ্ত আনন্দের ২৫ রানের ওপর ভর করে নির্ধারিত ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ১১৪ রান করে দেশ রূপান্তর। পরে প্রতিদিনের বাংলাদেশকে ৭২ রানে আটকে দেয় দেশ রূপান্তরের বোলাররা। পরাজিত দলের রোমেল করেন সর্বোচ্চ ২৫। দেশ রূপান্তরের সরোয়ার আলম ও শওকত আলী পলাশ একটি করে উইকেট লাভ করেন। ৩৬ রানের সঙ্গে ১ উইকেট নেওয়া পলাশ হয়েছেন ম্যাচসেরা। ডি গ্রুপের ফাইনালে দেশ রূপান্তর খেলবে চ্যানেল টোয়েন্টিফোরের সঙ্গে।
টুর্নামেন্টের দ্বিতীয় দিন এ ছাড়াও এটিএন নিউজকে ৪ উইকেটে হারিয়েছে কালের কণ্ঠ। ম্যাচসেরা হন জয়ী দলের রাহেনুর ইসলাম। দৈনিক সংগ্রামকে ৫০ রানে পরাজিত করে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। ম্যাচসেরা জয়ী দলের প্রিন্স। ৭৯ রানের বড় ব্যবধানে দিনকালকে পরাজিত করে চ্যানেল আই। ম্যাচসেরা নির্বাচিত হন জয়ী দলের নিলাদ্রী শিখর। চার উইকেটে আরটিভিকে পরাজিত করে জনকণ্ঠ, ২১ রানে এশিয়ান টিভিকে পরাজিত করে নয়া দিগন্ত, ছয় রানে বিটিভিকে পরাজিত করে আলোকিত বাংলাদেশ।
