খুলনার লবণচরা এলাকার দরবেশ মোল্লা গলির আলোচিত ট্রিপল মার্ডারের ঘটনায় পুলিশ তরিকুল ইসলাম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে তাকে নগরীর লবণচরা এলাকার মোল্লাপাড়া আরজু কালভার্টের সামনে থেকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার যুবক ওই এলাকার আরজু কালভার্ট মোড়ের বাসিন্দা মো. আজহারুল ইসলামের ছেলে। গতকাল বৃহস্পতিবার ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠনো হলে রিমান্ডের শুনানি হয়নি। তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
তরিকুলের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে লবণচরা থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, দরবেশ মোল্লা গলির ট্রিপল মার্ডারটি বর্তমান খুলনা নগরীর একটি আলোচিত ঘটনা। ঘটনাটি আমরা গুরুত্ব সহকারে তদন্ত করছি। গোয়েন্দা তথ্য ও সোর্সের সাহায্যে বুধবার রাতে তাকে নগরীর লবণচরা মোল্লাপাড়া কালভার্টের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। ট্রিপল মার্ডারটি স্পর্শকাতর হওয়ায় রাতে তার গ্রেপ্তারের বিষয়টি গোপন রাখা হয়। সে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে পুলিশকে। যেগুলো তদন্তের স্বার্থে প্রকাশ করা সম্ভব হচ্ছে না। তথ্যগুলো বিশ্লেষণ করা হচ্ছে।
উল্লেখ্য গত রবিবার রাত ৯টায় খুলনা নগরীর লবণচরা থানাধীন দরবেশ মোল্লা গলির বাড়ির মুরগির খামার থেকে নানি মহিদুন্নেছা (৫৫), নাতি মুস্তাকিম (৮) ও নাতনি ফাতিহার (৬) ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। ট্রিপল হত্যা ঘটনায় ওই দুই শিশুর বাবা শেফার আহমেদ বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন।
