বিদেশি কোম্পানির হাতে গুরুত্বপূর্ণ বন্দর স্থাপনা নির্মাণ ও পরিচালনার দায়িত্ব দেওয়া জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি অভিযোগ করে বলেন, ‘অতীতের মতোই সরকার জনমত উপেক্ষা করে জাতীয় স্বার্থবিরোধী পথে হাঁটছে।’ আওয়ামী লীগ সরকারের আদানি চুক্তির উদাহরণ তুলে ধরে তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারও বিস্ময়করভাবে একই পথে হাঁটছে।’
গতকাল বৃহস্পতিবার রাজধানীর পল্টনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
সাইফুল হক বলেন, অস্বচ্ছ ও অস্বাভাবিক দ্রুততায় সম্পাদিত এই চুক্তি জাতীয় স্বার্থের পরিপন্থী এবং সরকারের উদ্দেশ্য নিয়ে গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে।
তিনি অভিযোগ করেন, প্রতিযোগিতামূলক দরপত্র ছাড়াই জিটুজি প্রক্রিয়ায় এবং কঠোর গোপনীয়তার মধ্য দিয়ে ৩০ বছর ও ২২ বছরের জন্য দুটি বিদেশি কোম্পানির হাতে টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। একটি অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এমন দীর্ঘমেয়াদি সিদ্ধান্ত গ্রহণের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
তিনি অবিলম্বে এই চুক্তি বাতিল এবং দেশের নিজের সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে অতীতে স্বাক্ষরিত বিতর্কিত ও স্বার্থবিরোধী চুক্তিগুলো পুনর্বিবেচনার দাবি জানান।
