গতির লড়াইয়ে শুরু রোমাঞ্চকর অ্যাশেজ

আপডেট : ২২ নভেম্বর ২০২৫, ১২:৫০ এএম

অধিনায়ক প্যাট কামিন্স নেই, নেই জস হ্যাজেলউড। পেস আক্রমণের সেরা দুই অস্ত্র ছাড়াই অ্যাশেজ মিশনে নেমেছে অস্ট্রেলিয়া। অনেকের মনেই শঙ্কা ছিল বেন স্টোকসদের বাজবলের সামনে অজি পেস আক্রমণ পাত্তা পাবে তো? কিন্তু অ্যাশেজের প্রথম দিনেই সব শঙ্কা উড়িয়ে দিলেন মিচেল স্টার্ক। এই গতি তারকার পেস আর সুইংয়ের সামনে নুয়ে পড়ল ইংল্যান্ড। আগ্রাসী বোলিংয়ে স্টার্ক তুলে নিলেন ৫৮ রানে ৭ উইকেট। ইংলিশরা অলআউট হয়ে গেল মাত্র ১৭২ রানে। মাত্র ১২ রানের মধ্যে তারা ৫ উইকেট হারায়। তার চেয়েও বড় কথা, অতিথিদের প্রথম ইনিংস শেষ হয় ৩২.৫ ওভারে। অ্যাশেজের ইতিহাসে ইংল্যান্ড এক ইনিংসে এর চেয়ে কম ওভার ব্যাটিং করেছিল সেই ১৮৮৭ সালে।

পার্থে গতকাল শুক্রবার থেকে শুরু হওয়া অ্যাশেজের প্রথম টেস্ট দেখতে গ্যালারিতে উপস্থিত ছিলেন প্রায় ৫০ হাজার দর্শক। ইংলিশদের ইনিংসে একমাত্র ফিফটি এসেছে হ্যারি ব্রুকের (৫২) ব্যাট থেকে। অধিনায়ক বেন স্টোকস করেছেন মাত্র ৬ রান। দুর্দান্ত এক আউটসুইং ডেলিভারিতে তাকে বোল্ড করে দিয়েছেন মিচেল স্টার্ক। এই নিয়ে দশবার টেস্ট ক্রিকেটে স্টোকসকে আউট করলেন স্টার্ক, যার মধ্যে পাঁচবারই তিনি বোল্ড করেছেন বিশ্বকাপজয়ী ইংলিশ অলরাউন্ডারকে। স্টোকস এর চেয়ে বেশি ১৩বার আউট হয়েছেন শুধু ভারতের সাবেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের বলে। ইংল্যান্ডের শেষ দুই উইকেটও তুলে নিয়েছেন স্টার্ক, পরপর দুই বলে। তাই অতিথিদের দ্বিতীয় ইনিংসে নিজের করা প্রথম বলে শিকার ধরতে পারলেই হ্যাটট্রিক হয়ে যাবে অজি পেস তারকার। এদিন সুইংয়ের চেয়ে স্টার্কের সিম মুভমেন্টই বেশি ভুগিয়েছে ব্যাটসম্যানদের।

ইংল্যান্ডকে গুটিয়ে দিয়ে অজিরাও খুব একটা স্বস্তিতে নেই। ইংলিশদের অস্ত্রভাণ্ডারে আছেন জোফরা আর্চার, মার্ক উড, গাস অ্যাটকিনসন এবং অধিনায়ক বেন স্টোকস। নতুন বলে ইংলিশ বোলারদের গড় গতি ছিল ঘণ্টায় ১৫০ কিলোমিটারের মতো! তাই ইংলিশদের মতো অস্ট্রেলিয়াও শূন্য রানে প্রথম উইকেট হারিয়েছে। আর্চারের ভয়ংকর এক ইয়র্কারে ‘ডাক’ মারেন অভিষিক্ত ওপেনার জ্যাক ওয়েদারাল্ড। পরের গল্পটা কেবলই বেন স্টোকসের। বিশ্বকাপজয়ী এই পেস বোলিং অলরাউন্ডার এদিন বল হাতে ঝলসে ওঠেন। স্টার্কের ৭ উইকেটের জবাবে ইংল্যান্ড অধিনায়ক শিকার করেন ২৩ রানে ৫ উইকেট। দিনশেষে ৯ উইকেটে ১২৩ রান তোলা অস্ট্রেলিয়া পিছিয়ে আছে ৪৯ রানে। উইকেটের চরিত্র না বদলালে পার্থ টেস্ট তিন দিনে শেষ হয়ে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত