শেরপুরের ঝিনাইগাতীতে বিশেষ প্রার্থনা, শস্য দেবতার আর্চনা আর সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে গারো সম্প্রদায়ের সামাজিক উৎসব ওয়ানগালা বা নবান্ন উৎসব শেষ হয়েছে। গতকাল রবিবার উপজেলার মরিয়মনগর উচ্চবিদ্যালয়ের মাঠে তিন দিনব্যাপী এ উৎসব শেষ হয়।
গত শুক্রবার সকালে এ উৎসবের উদ্বোধন করেন ঢাকা মহাধর্ম প্রদেশের কার্ডিনাল বিশপ প্যাট্রিক ডি. রোজারিও। শস্য দেবতা মিসি আর সালজংয়ের উদ্দেশে কৃতজ্ঞতা জানাতে ও উৎপাদিত ফসল উৎসর্গের জন্য ঐতিহ্যবাহী এই ওয়ানগালা উৎসব উদযাপন করেন গারো জাতিগোষ্ঠীর মানুষ।
সকালে গারো সম্প্রদায়ের বিপুলসংখ্যক নারী-পুরুষ দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ প্রার্থনায় অংশ নেয়। প্রার্থনা পরিচালনা করেন ওয়ানগালা অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা মহাধর্ম প্রদেশের কার্ডিনাল বিশপ প্যাট্রিক ডি. রোজারিও।
