জামায়াত আমিরকে রিজভী

জেনোসাইডের হুমকি দিচ্ছেন জনগণ এটা ভালোভাবে নেবে না

আপডেট : ২৪ নভেম্বর ২০২৫, ০৭:২৫ এএম

জামায়াতে ইসলামীর আমিরের এক বক্তব্যকে উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘জেনোসাইড শেখ হাসিনা করার চেষ্টা করেছে। ১৯৭১ সালে হানাদার বাহিনী জেনোসাইড করেছে। আপনি জেনোসাইডের হুমকি দিচ্ছেন, এটা তো জনগণ ভালোভাবে নেবে না। আপনি তো খুব বিপজ্জনক কথা বলেছেন। এ বিষয় নিয়ে আমি পুরো জাতিকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।’

গতকাল রবিবার জাতীয় প্রেস ক্লাবে হিউম্যান রিসোর্স অ্যান্ড অ্যানালাইসিস ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত গণতন্ত্রে উত্তরণে করণীয় শীর্ষক সেমিনারে রিজভী এ কথা বলেন।

রিজভী বলেন, ‘জামায়াতের আমির বলেছেন, নির্বাচন এবং গণভোট একসঙ্গে হলে নাকি জেনোসাইড হওয়ার আশঙ্কা রয়েছে। তিনি এটা বলে কি পুরো জাতিকে হুমকি দিলেন? বিপুল মানুষ নিজের জীবন দিয়ে একটি রক্তপিপাসু সরকারকে সরিয়েছে। আপনি এই আশঙ্কা করলেন কেন? আপনি তো একটি রাজনৈতিক দলের প্রধান, প্রচুর গণহত্যার ইঙ্গিত দিচ্ছেন। এটা তো একটা আতঙ্ক তৈরি করছেন।’

তিনি আরও বলেন, ‘আপনারা চাচ্ছেন গণভোট যাতে আগে হয়। বিএনপিসহ আরও কয়েকটি দল বলেছে, আগে যদি গণভোট করা হয়, তাহলে প্রায় ৩ হাজার কোটি টাকা খরচ হবে। গণভোট এবং নির্বাচন একদিনে করলে ভালো হবে। এই ডিবেটটা চলছে। গণতন্ত্র মানেই তো হচ্ছে ডিবেট এবং ডিসকাশন। কিন্তু আপনি সেখানে জেনোসাইডের ইঙ্গিত দিয়ে দিলেন! আপনি একটি রক্তগঙ্গা বইবার ইঙ্গিত দিচ্ছেন! এটা তো ভয়াবহ ব্যাপার। দেশ কীভাবে চলবে, সেই শাসন নিশ্চিত করবে জনগণ। নির্বাচনের মাধ্যমে জনগণই ঠিক করবে তাদের প্রতিনিধি কে হবেন। সেই নির্বাচনটা হতে হবে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন। এটা ছাড়া গণতন্ত্র কখনোই শক্তিশালী হবে না।’

জামায়াতে ইসলামীর একজন নেতার বক্তব্যকে ইঙ্গিত করে রিজভী বলেন, ‘আজকে একটি রাজনৈতিক দলের একজন বললেন, তাদের কথায় প্রশাসন উঠবে এবং বসবে। এটা গণতন্ত্রের কোনো বৈশিষ্ট্যের মধ্যে নেই। এ কথার মাধ্যমে আপনি তো আরেকটা দানবীয় শাসন তৈরির ইঙ্গিত দিয়েছেন। আরেকটা শেখ হাসিনা এবং আরেকটা ফ্যাসিবাদ তৈরি হওয়ার ইঙ্গিত দিলেন।’ সেমিনারে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, প্রান্তিক জনশক্তি উন্নয়নবিষয়ক সম্পাদক এমএ মালেক প্রমুখ।

এদিকে গতকাল দুপুরে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে জাতীয় বাস্তুহারা দলের উদ্যোগে ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে বাস্তুহারাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান’ শীর্ষক আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, ‘আমি স্পষ্ট করে বলতে চাই, যত ষড়যন্ত্র করেন, যত ধরনের আওয়ামী প্রেতাত্মাদের সঙ্গে সম্পর্ক করে বাংলাদেশের নির্বাচন করতে চান... কিছুই হবে না। আপনাদের কোনো ষড়যন্ত্রই সফল হবে না। কারণ দুদিন আগে যাকে আমরা সারা বাংলাদেশের মানুষ সমর্থন দিয়ে সরকারে বসিয়ে রেখেছি, পৃথিবীর ইতিহাসে যিনি বাংলাদেশের সুনাম অর্জন করে বাংলাদেশে এসেছেন, সেই অধ্যাপক মুহাম্মদ ইউনূস সাহেব বলেছেন, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হবে।’

বাস্তুহারা দলের সভাপতি শরীফ রাগিবের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ, বাস্তুহারা দলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজীসহ নেতারা বক্তব্য দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত