মুন্সীগঞ্জের গজারিয়ায় অস্ত্রসহ রবিন (৩০) নামে এক যুবককে আটক করে পুলিশে দিল স্থানীয় বাসিন্দারা। গতকাল সোমবার দুপুরে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের ভাসারচর গ্রামসংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। আটক রবিন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বেলতলী গ্রামের মো. শহীদুল্লাহর ছেলে।
স্থানীয়রা জানান, মেঘনায় টহলরত পুলিশের ধাওয়া খেয়ে একটি ট্রলার ভাসারচর এলাকার নদীপথে ঢুকে পড়ে। এ সময় স্থানীয়রা কাছে গেলে ট্রলারে থাকা ছয়জনের একটি দল অস্ত্র প্রদর্শন করে ভয় দেখানোর চেষ্টা করে। এ সময় এক যুবক পিস্তল বের করে কয়েক রাউন্ড গুলি ছুড়লে স্থানীয়রা একতাবদ্ধ হয়ে তাদের আটক করলে পাঁচজন পালিয়ে যায়। এ সময় ট্রলার থেকে ১৬ রাউন্ড গুলি, একটি ওয়ান শুটার গান, একটি চাইনিজ কুড়াল, পিস্তলসদৃশ বস্ত জব্দ করে।
