ভোলা-বরিশাল সেতুর দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। এ সময় বক্তারা ভোলাবাসীর প্রাণের দাবির সেতু দ্রুত নির্মাণ করে বরিশালের সঙ্গে যোগাযোগ সহজ করার আহ্বান জানান। গতকাল সোমবার দুপুরে অশ্বিনী কুমার হলের সামনে বরিশালের ভোলাবাসীর আয়োজনে এই মানববন্ধন ও সমাবেশ করা হয়।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ভোলাবাসী সেতুর দাবিতে আন্দোলন করে আসছেন। কিন্তু বিগত সরকারের মতো অন্তর্বর্তী সরকারও বিষয়টি নিয়ে টালবাহানা করছে। ভোলাবাসী ঐক্যবদ্ধভাবে এই দাবি আদায় করে ছাড়বে বলে জানান তারা। বক্তারা ভোলাবাসীর দাবির সঙ্গে সংহতি জানিয়ে বরিশালবাসীকেও পাশে থাকার আহ্বান জানান।
সমাবেশে বক্তব্য দেন বরিশালের ভোলাবাসীর পক্ষে বিএম কলেজ শিক্ষার্থী কামরুল ইসলাম, মাহমুদুল হাসান সাকিব, হাতেম আলী কলেজের আলিম তালুকদার, চাকরিজীবী ইসলাম হোসেন পারভেজ প্রমুখ।
