তবুও মোহামেডানের ডার্বি জয়

আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ০৫:০১ এএম

কুমিল্লা থেকে সাত সকালে ফোনে এক গাদা কষ্টের কথা শোনালেন মোহামেডান কোচ আলফাজ আহমেদ। আক্ষেপ নিয়েই বললেন, ‘শুকনো কথায় আর কতদিন চিড়ে ভিজবে বলেন? খেলোয়াড়দের কী দিয়ে উজ্জীবিত করব। বেতন দিতে পারছে না ক্লাব। অনেক বুঝিয়ে সুঝিয়ে নিয়ে এসেছি আবাহনীর বিপক্ষে ম্যাচ বলে। এখানে এসে দেখি মাঠের অবস্থা যাচ্ছেতাই। কোনো পরিচর্যা বাফুফের লিগ কমিটি করেনি। এটা নাকি ক্লাবের দায়িত্ব। হোম ভেন্যু তো নামে। আসলে কি ক্লাবগুলো সব করার ক্ষমতা রাখে? লিগ কমিটির কর্তারা কী করেন?’ এর পরেই দোয়া চাইলেন মোহামেডান কোচ ‘খেলোয়াড়দের অনেক আত্মত্যাগ। দোয়া করেন যাতে ওরা আবাহনীকে হারাতে পারে।’

এর কয়েক ঘণ্টা পর ভাষাসৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ঠিকই জান দিয়ে লড়লেন মোহামেডান খেলোয়াড়রা। কোচকে এনে দিলেন ৩-২ ব্যবধানে দারুণ এক জয়। ফের ঢাকা ডার্বি জিতে নিল সাদা-কালোরা। বাংলাদেশ ফুটবল লিগের তৃতীয় রাউন্ডে এসে জয়ের দেখা পেল বর্তমান চ্যাম্পিয়নরা। আর আবাহনীর প্রথম জয়ের অপেক্ষা শুধু বাড়েইনি। টানা দ্বিতীয় হারের তেতো স্বাদ পেতে হয়েছে গতবারের রানার্সআপদের।

শিরোপা ধরে রাখার মিশন মোহামেডান শুরু করেছিল ফর্টিসের কাছে ২-০ গোলে হেরে। দ্বিতীয় ম্যাচে তারা কোনোমতে ড্র করে বাংলাদেশ পুলিশের সঙ্গে। এরপর এক মাসের বেশি সময়ের বিরতির পর মাঠে ফেরা চির বৈরী আবাহনীর বিপক্ষে ম্যাচ দিয়ে। তার আগে অর্থাভাবে ক্লাবটি ভুগছিলে বাজেভাবে। দলের ফুটবলাররা বকেয়া বেতন না পেয়ে খেলতেই চাইছিলেন না। কোচ আলফাজ, ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকিবরা অনেক বুঝিয়ে খেলতে রাজি করান। প্রাপ্য না পাওয়ার আক্ষেপটাকে শক্তিতে বদলে দিয়ে শুরুতেই ৩-০ গোলে এগিয়ে গিয়েছিল মোহামেডান। পরে আবাহনী দুই গোল করলেও হারের পরিণতি এড়াতে পারেনি।

আবাহনী তিন ম্যাচ থেকে পেয়েছে মাত্র এক পয়েন্ট। সেটি প্রথম ম্যাচে রহমতগঞ্জের সঙ্গে ড্র করে। এরপর দ্বিতীয় ম্যাচে ব্রাদার্সের কাছে হারে মারুফুল হকের দল। আর সোমবার মোহামেডানের কাছে হারতে হলো মর্যাদার লড়াই।

ম্যাচের শুরুতেই অবশ্য পিছিয়ে যেতে পারত মোহামেডান। তৃতীয় মিনিটে হাসান মুরাদের দূরপাল্লার শট পোস্টের কোনাকুনি জালে প্রবেশ করার উপক্রম হয়েছিল। তবে মোহামেডান গোলরক্ষক সুজন হোসেন লাফিয়ে রুখে দেন তা। ম্যাচের ২০ মিনিটে আবাহনীর রক্ষণের ভুলের সুযোগে লিড নেয় মোহামেডান। ডান দিক দিয়ে আক্রমণে ওঠা স্যামুয়েল বোয়াটেংকে রুখতে পোস্ট ছেড়ে বেরিয়ে আসেন আবাহনী গোলরক্ষক মিতুল মারমা। তবে বোয়াটেং দ্রুত কাটব্যাক ফেলেন গোলমুখে। আবাহনী ডিফেন্ডার ইয়াসিন খান সেটা আয়ত্বে নেওয়ার আগেই মোহামেডানের সুযোগ সন্ধানী ফরোয়ার্ড রহিম উদ্দিন ছোঁ মেরে বল কেড়ে নিয়ে ফাঁকা পোস্টে জমা করেন। ম্যাচের ৩১ মিনিটে মোজাফফরভের কর্নারে পা ছুঁইয়ে ব্যবধান দ্বিগুণ করেন এলি কেকে এমানুয়েল। ম্যাচের ৫৮ মিনিটে জাহিদ হাসান শান্তর ক্রসে মাথা ছুঁইয়ে ব্যবধান ৩-০ করেন স্যামুয়েল বোয়াটেং।

এতটা পিছিয়ে পড়ার পর ঘুম ভাঙে আবাহনীর। শেষ দিকে চাপ প্রয়োগ করে ব্যবধান কমিয়ে আনেন দলের ফরোয়ার্ডরা। ৭২ মিনিটে কাজেম শাহর পাসে বক্সের বাইরে থেকে দারুণ এক গোল করেন পাপন সিংহ। আর ছয় মিনিট পর ৭৮ মিনিটে জটলার থেকে গোল করে ব্যবধান ৩-২ করেন শেখ মোরসালিন। বাকিটা সময় শত চেষ্টা করেও আর মোহামেডানের গোলের দরজা খুলতে পারেনি আবাহনী।

এক মাসের বেশি সময় বিরতি শেষে মাঠে গড়ানো লিগের তৃতীয় রাউন্ডের আরও তিনটি ম্যাচ হয়েছে সোমবার। মানিকগঞ্জে টানা দ্বিতীয় জয় পেয়ে শীর্ষে চলে গেছে বসুন্ধরা কিংস। ব্রাজিলিয়ার স্ট্রাইকার ডরিয়েলটন গোমেজের জোড়া গোলে স্বাগতিক আরামবাগ ক্রীড়া সংঘকে ২-০ ব্যবধানে হারায় পাঁচবারের লিগজয়ীরা। আগের রাউন্ডে তারা হারিয়েছিল ফর্টিসকে। আগের ম্যাচে আবাহনীকে হারানো ব্রাদার্স পেয়েছে দ্বিতীয় জয়ের দেখা। মুন্সীগঞ্জে স্বাগতিকরা ফকিরেরপুলকে হারিয়েছে ২-০ ব্যবধানে। বসুন্ধরা কিংস অ্যারেনায় স্বাগতিক ফর্টিস ও বাংলাদেশ পুলিশের ম্যাচটি শেষ হয়েছে গোলশূন্য ড্রয়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত