সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা বৃহস্পতিবার

আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ০৭:৩৬ এএম

ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে আগামী বৃহস্পতিবার বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ সভা হবে। সংশ্লিষ্ট বিষয়ে গত রবিবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। ফুলকোর্ট সভা হলো উচ্চ আদালতের বিচারপতিদের কথা বলা, মতামত দেওয়া ও বিচারিক নীতিনির্ধারণী বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার নিজস্ব ফোরাম। প্রধান বিচারপতি ফুলকোর্ট সভায় সভাপতিত্ব করেন। বছরের নির্দিষ্ট সময়ে এ সভা ডাকেন প্রধান বিচারপতি।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) ড. মো. আতিকুস সামাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নির্দেশনাক্রমে বলা হয়, আগামী ২৭ নভেম্বর বৃহস্পতিবার বেলা ৩টায় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে ফুলকোর্ট সভা হবে।

এর আগে গত ৪ নভেম্বর সুপ্রিম কোর্টের প্রশাসনিক ভবন-৪-এ প্রধান বিচারপতির সভাপতিত্বে ফুলকোর্ট সভা হয়।

ওই সভায় সারা দেশে অধস্তন আদালতে কর্মরত (প্রেষণসহ) এক হাজারের বেশি বিচারককে পদোন্নতির সিদ্ধান্ত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদমর্যাদার ২৭৫ বিচারককে জেলা এবং দায়রা জজ পদে, যুগ্ম জেলা ও দায়রা জজ পদমর্যাদার ২০৭ বিচারককে অতিরিক্ত জেলা এবং দায়রা জজ পদে, সিনিয়র সহকারী জজ পদমর্যাদার পাঁচ শতাধিক বিচারককে যুগ্ম জেলা ও দায়রা জজ পদমর্যাদায় পদোন্নতি দিতে প্যানেলভুক্ত করার সিদ্ধান্ত হয়।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এখন প্রধান বিচারপতিসহ সাতজন বিচারপতি বিচারিক দায়িত্বে আছেন। হাইকোর্ট বিভাগে আছেন ১১০ জন বিচারপতি। এদের মধ্যে দুজন বিচারপতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারিক দায়িত্ব পালন করছেন। এ ছাড়া অভিযোগের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের তিন বিচারপতির বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের তদন্ত চলমান রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত