গভীর সাগরে মাছ শিকারে গিয়ে ১৪ দিন ধরে নিখোঁজ লালমোহন উপজেলার ১৩ জেলের সন্ধান পেতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন জেলে পরিবারের সদস্যরা। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার ধলীগৌরনগর-লালমোহন সড়কের দালাল বাজার নামক স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে ওই সড়কে প্রায় চার ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে লালমোহন উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নৌ-কন্টিনজেন্ট টিমের সদস্য, থানা-পুলিশ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃস্থানীয়রা বিক্ষোভরত জেলে পরিবারের সঙ্গে কথা বলেন।
গত ১১ নভেম্বর লালমোহন উপজেলার মেঘনা নদীর তীরবর্তী বাত্তিরখাল এলাকা থেকে একটি ট্রলারে করে ১৩ জন জেলে গভীর সাগরে মাছ শিকারে গিয়ে নিখোঁজ হন। এখন পর্যন্ত পরিবার তাদের কোনো ধরনের খোঁজ পাচ্ছে না।
