জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অনুষ্ঠিত প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা ছিল দর্শকশূন্য। গতকাল বুধবার সকালে উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে হাসপাতাল চত্বরেই প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন করা হয়। বিগত বছরগুলোতে প্রদর্শনী মেলা শুরু থেকেই লোকে লোকারণ্য থাকলেও এবার দেখা গেছে ভিন্ন চিত্র।
সরেজমিনে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের চত্বরে প্রদর্শনী মেলায় গিয়ে দেখা গেছে, মেলা প্রাঙ্গণে চেয়ার পেতে অলস সময় কাটাচ্ছেন হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীরা। তাদের কেউ একে অন্যের সঙ্গে খোশগল্প করছেন, কেউ বা মোবাইলে ভিডিও দেখছেন।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, এ বছর প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা আয়োজনে ২ লাখ ৪৯ হাজার টাকা বরাদ্দ পায় কর্তৃপক্ষ। এতে পশুপাখি প্রদর্শনীর জন্য মেলায় ৩২টি স্টল নির্মাণ করা হয়েছে।
তবে মেলা ঘুরে দেখা গেছে, ৩২টি স্টলের মধ্যে চার থেকে পাঁচটি স্টল খালি পড়ে আছে। কিছু স্টলে নামে মাত্র পশুপাখি বেঁধে রাখা হয়েছে। প্রদর্শনী মেলায় চোখে পড়েনি দর্শনার্থীদের ভিড়। বরং হাসপাতালের স্টাফদের চেয়ারে বসে অলস সময় কাটাতে দেখা গেছে।
অভিযোগ রয়েছে, সরকারিভাবে প্রায় আড়াই লাখ টাকা বরাদ্দ পাওয়ার পরেও মেলায় অংশগ্রহণকারীদের জন্য বিভিন্ন ওষুধ কোম্পানির কাছ থেকে নাস্তার টাকার সহযোগিতা নিয়েছেন প্রাণিসম্পদ কর্মকর্তা।
মেলায় চীনা হাঁস নিয়ে আসা উপজেলার মগটুলা ইউনিয়নের নাউড়ী গ্রামের হাঁস খামারি আলাল উদ্দিন বলেন, ‘গত ৩ থেকে ৪ বছর ধরে আমি প্রাণিসম্পদ মেলায় বিভিন্ন পশুপাখি নিয়ে প্রদর্শনীতে অংশ নিচ্ছি। কিন্তু বিগত বছরগুলোর তুলনায় এবারের মেলা মোটেও জমেনি। প্রাকৃতিক দুর্যোগের কারণে এ বছর খামারিরা লোকসানে আছে। এ কারণেই হয়তো এ বছর মেলা জমজমাট হয়ে ওঠেনি।’
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহবুবুল আলম বলেন, ‘আমাদের পক্ষ থেকে আয়োজনে কোনো ত্রুটি ছিল না। তবে প্রদর্শনী মেলায় এ বছর উপস্থিতি কিছুটা কম।’ পর্যাপ্ত টাকা বরাদ্দ পাওয়ার পরও মেলা আয়োজনে বিভিন্ন কোম্পানির কাছ থেকে টাকা নেওয়ার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। প্রদর্শনী মেলা আয়োজন বাবদ কোনো কোম্পানির কাছ একটি টাকাও নেওয়া হয়নি।’
