সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের সরাপপুর গ্রামে একটি বিবাদমান পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নারী ও শিশুসহ ৩০ জন আহত হয়েছে। এদের মধ্যে পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, নিমগাছি সমাজভিত্তিক মৎস্য চাষ প্রকল্পের আওতায় সরাপপুরে প্রায় আট বিঘা আয়তনের মঙ্গলা পুকুরের সুফলভোগী সদস্য নিয়ে বিরোধ দেখা দেয়। এ নিয়ে উভয়পক্ষ মাছ ছাড়ার দাবি জানায়। সকালে রাশেদুল ইসলাম রাসুর নেতৃত্বে তার লোকজন মাছ ধরতে গেলে প্রতিপক্ষ নজরুল ইসলামের লোকেরা বাধা দেয়। এতে দুপক্ষই ধারালো অস্ত্র, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে একে অন্যকে আক্রমণ করে। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের ৩০ জন আহত হয়।
