বাংলাদেশ জুনিয়র হকি দল এখন ভারতের চেন্নাইয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে প্রথমবারের মতো জুনিয়র বিশ্বকাপে খেলার লক্ষ্যে। আজ তারা প্রথম পরীক্ষায় নামবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। এর মধ্য দিয়ে হকির যে কোনো পর্যায়ে প্রথম বিশ্ব মঞ্চে খেলার স্বপ্ন পূরণ হবে বাংলাদেশের। দলটিকে শেষ চার মাস অনুশীলন করিয়েছেন ডাচ কোচ সিগফ্রাইড আইকম্যান, যিনি ২০১৮ সালে জাপানকে প্রথমবারের মতো এশিয়ান গেমসে স্বর্ণ জিতিয়েছেন। ২০২২ সুলতান আজলান শাহ কাপে পাকিস্তান তার অধীনে জিতেছে ব্রোঞ্জ।
২০২৪ সালে হকি ফাইভ বিশ্বকাপে ওমানকে ঐতিহাসিক ব্রোঞ্জ পদক এনে দেন তিনি। এখন বাংলাদেশের যুবদল নিয়ে জুনিয়র বিশ্বকাপের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আইকম্যান। দলের কাছে তার চাওয়া এফ–পুলে শক্তিশালী প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া ও ফ্রান্সকে চ্যালেঞ্জ ছুড়ে দিক।
৬৬ বছর বয়সি এই কোচ এসডিএটি- মেয়র রাধাকৃষ্ণন স্টেডিয়ামে অনুশীলন সেশন শেষে বলেন, ‘আমি চ্যালেঞ্জ নিতে পছন্দ করি, তাই আমি ইচ্ছা করেই উন্নয়নশীল দলগুলো বেছে নিই, কারণ আমি মনে করি সেখানেই আমি পরিবর্তন আনতে পারব।’ দলের প্রস্তুতি সম্পর্কে কোচ বলেন, ‘আমি আমার বাকি কোচিং স্টাফদের সহায়তা ও হকি ফেডারেশনের সাধারণ সম্পাদকের সর্বাত্মক সহায়তায় সীমাবদ্ধতার মধ্যেও ভালোভাবে প্রস্তুতি নিয়েছি। এখন ছেলেদের মাঠে পরিশ্রমের প্রমাণটা দিতে হবে।’কোচ হিসেবে জাপান, পাকিস্তান ও ওমানে সাফল্য পাওয়ায় তাকে ঘিরে স্বপ্ন দেখছে বাংলাদেশও। যদিও তিনি অতীতকে মনে রাখতে চান না। বরং তাকাতে চান ভবিষ্যতে, ‘এটা আমাদের জন্য ইতিহাস। ভবিষ্যৎ আবারও শুরু হতে যাচ্ছে। আমরা প্রার্থনা করি যেন বাংলাদেশের পথচলাটাও আগের মতো হয়। তবে এটাই মনে রাখতে হবে দল হিসেবে সবক্ষেত্রে পারদর্শী হতে হলে প্রয়োজন পর্যাপ্ত সময় ও অভিজ্ঞতা।’
ভারতে গিয়ে বাংলাদেশ যুব দল দুটি প্রস্তুতি ম্যাচ খেলে পেয়েছে আত্মবিশ্বাস বাড়ানো দুটি জয়। মঙ্গলবার তারা চিলিকে হারায় ৩-০ ব্যবধানে। এরপর বৃহস্পতিবার সুইজারল্যান্ডকে উড়িয়ে দেয় ৫-২ গোলে। এই দুই প্রস্তুতি ম্যাচ বাংলাদেশকে আজ বাড়তি অনুপ্রেরণা দেবে বলে মনে করেন আইকম্যান, ‘আমরা ভালো প্রস্তুতি নিয়েছি। অনুশীলন ম্যাচগুলো ইতিবাচক ছিল। তাই আমরা বিশ্বাস করি আমরা প্রস্তুত। যদিও আগামীর ম্যাচগুলো অনেক বেশি কঠিন হবে, প্রত্যাশার চাপ মোকাবিলা করে আমাদের পরিকল্পনামাফিক খেলতে হবে।’
অস্ট্রেলিয়াকে অনেক এগিয়ে রেখে পরিকল্পনা সাজানোর কথা বলেছেন অভিজ্ঞ কোচ, ‘তারা অনেক শক্তিশালী দল। মালয়েশিয়ায় সর্বশেষ সুলতান অব জহর কাপে তাদের ভালো পারফরম্যান্স ছিল। তারা শারীরিকভাবে শক্তিশালী, এবং পাওয়ার হকি খেলে অভ্যস্ত। অর্থাৎ তাদের শারীরিক গঠন বলপ্রয়োগ নির্ভর হকির জন্য উপযোগী। তাই আমাদের এ ব্যাপারগুলোতে সতর্ক হয়ে খেলতে হবে। তাদের সঙ্গে খেলতে অধীর আগ্রহে অপেক্ষা করছি। কারণ তাদের খেলায় এশীয় এবং পশ্চিমা স্টাইলের একটা মিশেল রয়েছে।’
বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি।
