জমি বায়নার নামে ১ কোটি ৩০ লাখ টাকা আত্মসাৎ

আপডেট : ২৯ নভেম্বর ২০২৫, ০৭:১০ এএম

গাজীপুরের শ্রীপুরে জমি বিক্রির প্রলোভন দেখিয়ে বায়নার নামে ১ কোটি ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুই প্রতারককে গ্রেপ্তার করেছে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)। তারা হলো মো. শাহীন কাজী ও সায়েদুল ইসলাম। গত বুধবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। সিআইডি জানিয়েছে, তারা দীর্ঘদিন জমিজমা ক্রয়-বিক্রয়ের নামে প্রতারণামূলক চক্র পরিচালনা করছিল।

এ বিষয়ে গতকাল সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানান, আসামিরা ভুক্তভোগীর সঙ্গে জমিজমা বাণিজ্যের কথা বলে বিভিন্ন পরিচয়ে আস্থা অর্জন করে। এরপর শ্রীপুর এলাকায় ২২ বিঘা জমি বিক্রির কথা বলে ভুক্তভোগীর কাছ থেকে দলিল তৈরি, ভূমি অফিসে যোগাযোগ, রেজিস্ট্রির প্রস্তুতির কথা বলে ১ কোটি ৩০ লাখ টাকা নেয়। এরপর ভুক্তভোগী দারুস সালাম থানায় মামলা করেন।

সিআইডির তদন্তে উঠে আসে, যেই জমির বায়না দেখিয়ে টাকা নেওয়া হয়েছে ওই জমির মালিকানা গ্রেপ্তারদের ছিল না। তারা পরিকল্পিতভাবে বায়নানামার কথা বলে প্রতারণা করে কোটি টাকা হাতিয়ে নেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত