গাজীপুরের শ্রীপুরে রাতের আঁধারে অবৈধভাবে পাচারের সময় ৮০ বস্তা সরকারি সারসহ একটি পিকআপ গাড়ি আটক করেছে স্থানীয় জনতা। গত শুক্রবার রাত ১১টার দিকে গাজীপুর ইউনিয়নের নিজমাওনা গ্রামের মাক্কির মোড় এলাকায় সারবোঝাই পিকআপটি আটক করা হয়। পরে পুলিশে খবর দিলে পুলিশ সারসহ পিকআপ গাড়ি তাদের হেফাজতে নেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে স্থানীয় লোকজনের সন্দেহ হলে চলন্ত পিকআপ গাড়িটি ইশারা দিয়ে থামানো হয়। পরে তল্লাশি করলে সরকারি ইউরিয়া সারভর্তি ৮০টি বস্তা মেলে গাড়িতে। ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয়েছিল সারের বস্তাগুলো। প্রতিটি বস্তায় ৫০ কেজি সার ছিল। এসব বস্তায় সরকারি বিএডিসির লোগোযুক্ত করা আছে। পরে স্থানীয় জনতা গাড়ি আটকে রেখে পুলিশে খবর দেয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী জানান, নিজমাওনা এলাকার মায়ের দোয়া এন্টারপ্রাইজ এসব সারের পরিবেশক। এ প্রতিষ্ঠানের মালিক আফির উদ্দিন। তিনি স্থানীয় জসিম উদ্দীনের মাধ্যমে সরকারি সারগুলো পাশের সখিপুর উপজেলার তকতারচালা এলাকায় পাচারের চেষ্টা করছিলেন। সন্দেহের পর স্থানীয় লোকজন তল্লাশি শুরু করলে পিকআপচালকসহ অন্যরা কৌশলে পালিয়ে যায়।
মাওনা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মাইনুদ্দিন বলেন, ‘খবর পেয়ে রাতেই সার ও পিকআপ গাড়ি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলছে। অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে মায়ের দোয়া এন্টারপ্রাইজের মালিক আফির উদ্দীনের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
শ্রীপুর উপজেলা জ্যেষ্ঠ কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুমাইয়া সুলতানা বন্যা বলেন, রাতেই (শুক্রবার) খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযুক্ত মায়ের দোয়া এন্টারপ্রাইজ নামের ওই পরিবেশকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
