ইউপি সদস্যের ৭০ গাছ কেটে নিল প্রতিপক্ষ

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫, ১২:৪৩ এএম

মাদারীপুরের রাজৈরে বিবদমান জায়গার ৭০টি গাছ জোর করে কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ আসাদুল মিনার বিরুদ্ধে। গতকাল সোমবার সকালে এর প্রতিবাদ জানিয়ে উপজেলার টেকেরহাট বন্দরে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় ইউপি সদস্য মোখলেস মিনা।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ইউপি সদস্য মোখলেস মিনা বলেন, ‘উপজেলার তাতিকান্দা গ্রামের নাগরদী মৌজায় ২৩ শতাংশ জায়গা আমার বাবা আব্দুর রহমান মিনাসহ চাচা ও ফুফুরা ভোগ করে আসছিলেন। তাদের মৃত্যুর পর আমরা ওয়ারিশ সূত্রে জায়গাটি ভোগদখলে আছি। আমার বাবা-চাচারা ২ ভাই ও ফুফুরা ৩ বোনসহ মোট ৫ ভাই-বোন ছিলেন। কিন্তু ভুলক্রমে আমার ফুফু ৪ জন দেখিয়ে ৬ ভাই-বোন উল্লেখ করে একটি বিআরএস রেকর্ড হয়। এ রেকর্ডে আমাদের ফুফু হিসেবে প্রতিবেশী রবেজান বিবির নাম আসে। পরে রবেজান বিবি মারা যাওয়ার সুযোগে দেড় বছর আগে তার ছেলে-মেয়েরা স্থানীয় প্রভাবশালী আসাদুল মিনার কাছে বিবদমান ৬ শতাংশসহ বিভিন্ন দাগ থেকে মোট ২৪ শতাংশ জায়গা বিক্রি করে। এ কারণে আমাদের গাছ কেটে নিয়ে পুরো জায়গাটা দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে আসাদুল। এরই ধারাবাহিকতায় সম্প্রতি জোর করে আমাদের ৭০টি গাছ কেটে নিয়ে গেছে।’     

×
সর্বশেষ সর্বাধিক পঠিত