রাজধানীর জুরাইনে দুর্বৃত্তের গুলিতে পাপ্পু শেখ (২৬) নামে একজন ব্যক্তি নিহত হয়েছে। নিহত পাপ্পু পেশায় একজন সিএনজি অটোরিকশা চালক ছিলেন।
গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কদমতলী থানার জুরাইন গ্যাস পাইপ এলাকার আশরাফ মাস্টার স্কুলের পাশে এ ঘটনা ঘটে। নিহতের পরিবারের দাবি, পূর্বশত্রুতার জেরে পাপ্পুকে হত্যা করেছে স্থানীয় সন্ত্রাসীরা।
গুরুতর আহত অবস্থায় স্বজনরা পাপ্পুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত পাপ্পু শেখের বাড়ি মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বাসাবাড়ি গ্রামে। পাপ্পু সিএনজি চালাত। স্ত্রী মোছা. জান্নাত ও এক ছেলেকে নিয়ে পূর্ব জুরাইন গ্যাস পাইপ এলাকায় থাকেন। কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব বলেন, দুর্বৃত্তদের গুলিতে একজন নিহতের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন। এ বিষয়ে তদন্ত চলছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
