এনইআইআর সংস্কার দাবি

এবার প্রগতি সরণিতে অবরোধ মোবাইল ব্যবসায়ীদের

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৭:২১ এএম

এনইআইআর (ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার) সংস্কার, সিন্ডিকেট প্রথা বিলোপসহ মোবাইল ফোনের উন্মুক্ত আমদানির সুযোগ সৃষ্টির দাবিতে আবারও সড়কে নেমেছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। গতকাল রাজধানীর প্রগতি সরণি এলাকায় যমুনা ফিউচার পার্কের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ ও স্লোগান দেন তারা। এতে আশপাশের কুড়িল বিশ্বরোড ও বিমানবন্দর সড়কে তীব্র যানজটের সৃষ্টি হলে মানুষ ভোগান্তিতে পড়ে।

রাজধানীর ভাটার থানার ওসি রাকিবুল হাসান বলেন, মোবাইল ফোন ব্যবসায়ীরা কিছু সময় সড়ক অবরোধ করে রেখেছিলেন।

পরে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। তবে, বেলা ২টা পর্যন্ত ব্যবসায়ীরা সড়কে ছিলেন বলে জানা গেছে।

মোবাইল ব্যবসায়ীরা ‘মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের (এমবিসিবি)’ ব্যানারে এ আন্দোলন করছেন। এর আগে গত রবিবার সকাল ১০টার দিকে রাজধানীর কারওয়ান বাজার মোড়ে জড়ো হয়ে মানববন্ধনে অংশ নিয়েছিলেন সংগঠনের সদস্যরা। পূর্বঘোষিত এই মানববন্ধন কর্মসূচিতে রাজধানীর বিভিন্ন শপিং মলের দোকান বন্ধ রেখে মোবাইল ব্যবসায়ী ও কর্মচারীরা অংশ নেন। এ সময় তারা এনইআইআর সংশোধন দাবিতে সেøাগান দেন।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, টেলি যোগাযোগ খাতে নিরাপত্তা নিশ্চিত এবং অনিবন্ধিত মোবাইল ফোনের ব্যবহার রোধ করতে ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর ব্যবস্থা চালু হচ্ছে। এতে দেশের মোবাইল নেটওয়ার্কে নিবন্ধনবিহীন, চুরি হওয়া বা অনুমোদনহীন আমদানি করা মোবাইল ফোনের ব্যবহার বন্ধ হবে বলে সংশ্লিষ্টদের ভাষ্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত