চট্টগ্রামে বড় শোডাউনের প্রস্তুতি

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৭:২৬ এএম

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামে বড় ধরনের শোডাউনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমনা আট দল। পাঁচ দফা দাবিতে আগামী ৫ ডিসেম্বর চট্টগ্রামের লালদীঘি মাঠে বিভাগীয় সমাবেশের কর্মসূচি দিয়েছে তারা। সমাবেশে উপস্থিত থাকবেন ৮ দলের শীর্ষ নেতারা। এই কর্মসূচিতে বড় ধরনের জনসমাগম ঘটাতে নেওয়া হচ্ছে ব্যাপক প্রস্তুতি। পাঁচ দফা দাবিতে একসঙ্গে রাজপথে আন্দোলনে থাকা আট দল এই সমাবেশের আয়োজন করছে। দলগুলোর মধ্যে রয়েছেÑ বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, খেলাফত মজলিস, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।

দলগুলোর একাধিক দায়িত্বশীলের সঙ্গে আলাপ করে জানা যায়, নির্বাচনী জোট হিসেবে লালদীঘিতে বড় ধরনের জমায়েতের মাধ্যমে নিজেদের শক্তি জানান দিতে চায় আট দল। কর্মসূচি সফল করতে ইতিমধ্যে কয়েক দফা বৈঠক করেছে দলগুলোর স্থানীয় নেতারা। সমাবেশ সফল করতে প্রত্যেক দল বিভিন্ন পর্যায়ে পৃথক পৃথক প্রস্তুতি সভাও করেছে। বিশেষ করে জামায়াতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নেতাদের ব্যাপক উপস্থিতি নিশ্চিত করতে চায় তারা। এ জন্যে গঠন করা হয়েছে বিভিন্ন উপ-কমিটি। চট্টগ্রাম মহানগর ও জেলা ছাড়াও আশপাশের বিভিন্ন জেলা থেকেও নেতাকর্মীরা সমাবেশে যোগ দেবেন। সাংগঠনিক দায়িত্বশীল ও আগামী নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের প্রতিও সমাবেশে কর্মী-সমর্থকদের উল্লেখযোগ্য উপস্থিতি নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। সমাবেশকে সামনে রেখে জামায়াতে ইসলামীসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে মঙ্গলবার নগরীর চকবাজার, সদরঘাট, চান্দগাঁওসহ কয়েকটি এলাকায় গণমিছিল ও সমাবেশ হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ দেশ রূপান্তরকে বলেন, লালদীঘি মাঠে ৫ ডিসেম্বরের সমাবেশকে একটি ঐতিহাসিক সমাবেশে পরিণত করার জন্য আমরা সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছি। এ নিয়ে আট দলের দায়িত্বশীলদের দফায় দফায় প্রস্তুতি বৈঠক হয়েছে। চট্টগ্রাম নগরী ছাড়াও বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতাকর্মীরা সমাবেশে যোগ দেবেন। তিনি বলেন, এদিন পুরো চট্টগ্রাম মিছিলের নগরীতে পরিণত হবে। ৫ দফা দাবি আদায়ে সমমনা ইসলামী দলগুলোর যে ঐক্য গড়ে ওঠেছে আগামী নির্বাচনকে সামনে রেখে এই সমাবেশ থেকে সবার কাছে সেই ঐক্যের বার্তা পৌঁছে যাবে।

সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সভাপতিত্বে সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা সরওয়ার কামাল আজিজি, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এর সভাপতি রাশেদ প্রধান ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল হক চাঁন উপস্থিত থাকবেন।

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে- জুলাই সনদের আইনি ভিত্তি, জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটের আয়োজন করা, সংসদে পিআর পদ্ধতি চালু করা, নির্বাচন সুষ্ঠু করতে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি, জুলাই গণহত্যা দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ করা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত